শোক সংবাদ
খাগড়াছড়িতে তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তা চুংকু চাকমার মৃত্যুতে শোকের ছায়া

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
খাগড়াছড়িতে সবার পরিচিত তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তা চুংকু চাকমা (মূল নাম সুমিত চাকমা, চুংকু নামেই তিনি অধিক পরিচিত) আর নেই। আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সদরের অনন্ত মাস্টার পাড়ার নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এই অল্প বয়সে তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বন্ধু-বান্ধব থেকে শুরু করে নানা জন শোক প্রকাশ করছেন।
পরিবারের সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) রাতে চুংকু চাকমা নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে তার স্ত্রী ডাকতে গেলে তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সকাল ৮ টায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুংকু চাকমা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। এ সময় তিনি ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। পড়াশোনা শেষ করার পর তিনি চাকরিজীবনে প্রবেশ করেন। একই সাথে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রামের ইঞ্জিনিয়ারদের সংগঠন হিল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন-এ যুক্ত থেকে সমাজের নানা মানবিক কাজে যুক্ত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ছন্দের আকারে সচেতনতামূলক নানা লেখা লিখে মানুষকে সচেতন করার চেষ্টা করতেন।
চুংকু চাকমার মূল বাড়ি খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নের গিরিফুল এলাকার বাবুরা পাড়া গ্রামে। তাঁর পিতার নাম কনক বরণ চাকমা। তবে বর্তমানে তিনি খাগড়াছড়ি সদরের অনন্ত মাস্টার পড়ায় জায়গা কিনে বাড়ি করে পরিবারসহ বসবাস করে আসছেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
প্রয়াত চুংকু চাকমা তাঁর এই ক্ষণিক জীবনে বহু ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরিকালীন ২০২৩ সালের ২০ অক্টোবর রাঙামাটিতে ষড়যন্ত্রমূলকভাবে নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেফতারের শিকার হন। এতে মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করতে বাধ্য হন। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তিলাভ করেন। তবে মামলার জটিলতা থেকে তিনি মুক্তি পাননি। ফলে তার চাকরি ও ব্যক্তিগত জীবনে কিছুটা হলেও প্রভাব পড়ে বলে পরিবারের ঘনিষ্ট লোকজন জানিয়েছেন।
চুংকু চাকমার মৃত্যুতে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন-সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বন্ধু-বান্ধব থেকে শুরু করে নানা জন শোক প্রকাশ ও তাঁর পারলৌকিক সদগতি কামনা করছেন। অনেকে তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
