সাজেকে বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করায় যুবতীকে মারধর ও সপরিবারে উচ্ছেদের হুমকি

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের ছয়নালছড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করার জেরে রিজাংসি চাকমা (রিতা) নামে এক কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা যুবতি নারীকে মারধর এবং সপরিবারে এলাকাছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী পূর্ব ছয়নালছড়া গ্রামের বাসিন্দা কমল কৃষ্ণ চাকমার মেয়ে।

গতকাল সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে জেএসএস(সন্তু)-এর স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার কার্বারিরা মিলে রিজাংসি চাকমাকে মারধর ও হুমকি প্রদানের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে সাজেক ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানা অনিয়ম (স্কুলে উপস্থিত না থাকা, বর্গা শিক্ষক দিয়ে পাঠদান) ও স্কুলের চিত্র তুলে ধরে নিজের ফেসবুক আইডি ‘Ri jaNg ci’ থেকে লাইভ করেন রিজাংসি চাকমা। লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযোগ রয়েছে, ফেসবুক লাইভের পর উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা সীমানা চাকমা ক্ষিপ্ত হয়ে রিজাংসি চাকমাকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) ক্ষমতার দাপট দেখান। এ নিয়ে রিজাংসি চাকমা যুক্তিপূর্ণ পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

জানা গেছে, শিক্ষিকা সীমানা চাকমার বাড়ি বাঘাইছড়ির মারিশ্যায়। তবে বর্তমানে তিনি রাঙামাটি সদরে অবস্থান করেন। তার এক আত্মীয় জেএসএস(সন্তু)-এর সাথে যুক্ত রয়েছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। 

এদিকে, উক্ত বাগবিতণ্ডার জের ধরে গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে রিজাংসি চাকমাকে তাঁর নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে পূর্ব ছয়নালছড়া গ্রামের কার্বারি (গ্রামপ্রধান) সাগর চাকমা এবং পশ্চিম ছয়নালছড়া গ্রামের কার্বারি সুবল কৃষ্ণ চাকমাসহ জেএসএস (সন্তু) দলের সশস্ত্র কমান্ডার নীরব চাকমা ও ভাগ্য চাকমার নেতৃত্বে রিজাংসি চাকমাকে মারধর ও হুমকি প্রদান করা হয় বলে জানা গেছে।

শুধু মারধরই নয়, লাইভ করার অপরাধে রিজাংসি চাকমাসহ তাঁর বাবা-মা ও পুরো পরিবারকে পশ্চিম ছয়নালছড়া এলাকা থেকে উচ্ছেদ করার চূড়ান্ত হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ মঙ্গলবার (১৯ মে) রিজাংসি চাকমা ফেসবুকে এক ভিডিও পোস্টের মাধ্যমে তাঁর পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন। তিনি বিদ্যালয়ের অনিয়মের ভিডিও করার দায় নিজের কাঁধে নিয়ে পরিবারের ওপর যাতে কোন প্রকার নিপীড়ন-হয়রানি করা না হয় সংশ্লিষ্টদের প্রতি সে অনুরোধ জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More