জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ড ও দেশের পরিস্থিতি নিয়ে পিসিপি’র উদ্বেগ

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু ও দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) পিসিপি’র সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় আততায়ীর গুলিতে গুরুতর আহত জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদি গতকাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই জুলাই যোদ্ধার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।

নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাতে কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয় এবং ছায়ানটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বিশিষ্ট সাংবাদিক, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের আপোষহীন যোদ্ধা নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের উপর হামলাসহ সারাদেশে বিভিন্ন নৈরাজ্যকর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। দেশের এমন অরাজক পরিস্থিতি নাগরিকদের নিরাপত্তাকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে।

নেতৃদ্বয়, জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয়, দেশের বিভিন্নস্থানে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এর বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More