বিশ্ব পরিবেশ দিবসে নান্যাচরে এলাকাবাসীর সমাবেশ, পাহাড় কেটে নান্যাচর-লংগদু সড়ক নির্মাণ বন্ধের দাবি

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৫ জুন ২০২৬

‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে রাঙামাটির নান্যাচরে সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) বেলা ২টার সময় নান্যাচর উপজেলার বড়পুল পাড়া এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

“Stop Polluting the environment.Save our Plant, পাথর উত্তোলন-পাহাড় কেটে বিপদ ডেকে আনবেন না, ব্যক্তি মুনাফার লোভে পরিবেশ  ধ্বংসকারীদের প্রতিরোধ করুন” এই শ্লোগানে আয়োজিত সমাবেশে  ২নং সাবেক্ষং ইউনিয়নের  সাবেক ইউপি সদস্য জীবন চাকমার সভাপতিত্বে ও এলাকার মুরুব্বি করুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ১নং সাবেক্ষং ইউনিয়নের ইউপি সদস্য ভুবন জয় চাকমা।

বক্তারা পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা প্রয়োজনের তাগিদে বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসার জন্য পলিথিন ব্যবহার করে থাকি। আর সেই পলিথিন ব্যবহারের পর যত্রতত্র ফেলে দিয়ে পরিবেশের ক্ষতি করি। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্লাস্টিক-পলিথিন, অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক সার-কীটনাশক ব্যবহার কমিয়ে আনতে হবে। পলিথিন-প্লাস্টিক ব্যবহারের পর নিদিষ্ট স্থানে পুড়িয়ে ফেলতে হবে।

তারা আরো বলেন, আগের দিনে পার্বত্য চট্টগ্রামে অনেক বড় বড় গাছ, বন্য প্রাণী ছিল। কিন্তু বর্তমানে বন-জঙ্গল, গাছপালা উজাড় হয়ে যাওয়ায় অনেক বন্যপ্রাণীর বিলুপ্তি ঘটেছে এবং যা রয়েছে সেগুলোও বিলুপ্তির পথে রয়েছে।

বক্তারা প্রাকৃতি-পরিবেশ সুরক্ষার জন্য পাথর উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করা, বিদেশী প্রজাতির গাছ সেগুন, রাবার ইত্যাদি রোপণ না করে পরিবেশের উপযোগী গাছ, বাঁশ রোপণ করে বন সৃষ্টি করার আহ্বান জানান।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের আপত্তি সত্ত্বেও অবাধে পাহাড়-বন ও গাছপালা কেটে নান্যাচর-লংগদু সংযোগ সড়ক নির্মাণ কাজ চলমান রাখা হয়েছে। এভাবে সড়কটি নির্মাণ করা হলে পরিবেশের ওপর খুবই খারাপ প্রভাব পড়বে। এতে এলাকার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হবে। কিন্তু কিছু মুনাফালোভী গোষ্ঠী পাহাড়িদের ক্ষতিসাধনের জন্য সড়ক নির্মাণের জন্য মরিয়া হয়ে উঠেছে, যা খুবই উদ্বেগজনক।

সমাবেশ থেকে বক্তারা ব্যক্তিগত মুনাফার লোভে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তারা পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় অবিলম্বে নান্যাচর হতে লংগদু সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More