সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের হামলায় জনগণ ক্ষতিগ্রস্ত হলে সরকার ও সেনাবাহিনী দায়ি থাকবে: সাজেক গণ অধিকার রক্ষা কমিটি

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় বা অত্যাচারে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার ও সেনাবাহিনীকে নিতে হবে বলে মন্তব্য করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
তারা বলেন ’গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে সরকারী প্রতিনিধিবৃন্দ জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে অপারগতা প্রকাশের পর তাদের সশস্ত্র তৎপরতা আরও বেড়ে গেছে। সন্তু গ্রুপ আজ ৩০ অক্টোবর চুদুগীছড়া মুশফিক আর্মি ক্যাম্প থেকে মাত্র ৫-৭ মিনিট পায়ে হাঁটা দূরত্বে প্রথমে গঙ্গারামের উত্তর ভাইবোনছড়া গ্রামে ও পরে ভাইবোনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে লোকজনকে হুমকি দিচ্ছে ও জুলুম চালাচ্ছে। অথচ তারপরও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।’
গণবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে সেনাবাহিনীর এ ধরনের ন্যাক্কারজনক প্রশ্রয় দান তথা সন্ত্রাস দমনে সরকার-সেনাবাহিনীর ভূমিকা ও অঙ্গীকারকে বার বার প্রশ্নবিদ্ধ করে বলে তারা মন্তব্য করেন।
দুই নেতা অবিলম্বে সাজেকবাসী তথা পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি মেনে নিয়ে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
