সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে শান্তিপূর্ণ অবরোধ পালনকারীদের ওপর বর্বর হামলা, লাঠিচার্জ, গুলি বর্ষণ ও আন্দোলনের নেতাদের দোকানপাট, ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ করা হয।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক পলেন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সদস্য বিপ্লব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিতা চাকমা।

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিতা চাকমা তাঁর বক্তব্যে বলেন, গতকাল সাজেক উজোবাজারে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশনের আহ্বানে শান্তিপূর্ণ অবরোধে পালনকালে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারী জনতার ওপর হামলার মাধ্যমে প্রমাণ করেছে তারা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সাজেকে কৃত্রিম সমস্যা সৃষ্টি করেছেন। সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন সাজেকের মাচলঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে চাঁদাবাজি, অপহরণ, সাধারণ মানুষকে হুমকি-ধমকি, মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এর বিরুদ্ধে এলাকার জনগণের দফায় দফায় আন্দোনের মুখে প্রশাসন সাজেকবাসীর তিন দফা দাবি মেনে নেওয়ার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো আন্দোলনকারী জনতার ওপর বর্বর হামলা চালিয়েছে। গতকাল সেনাবাহিনীর বর্বর হামলায় বেশ কয়েকজন গুরুতর আহতসহ অন্তত ৭০ জনের অধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

যুবনেতা বিপ্লব চাকমা, জনগণের ন্যায্য দাবিকে ভূলুণ্ঠিত করে রাষ্ট্রযন্ত্র পাহাড়িদের সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশ সেনাবাহিনী আরো একবার বার প্রমাণ করলো তারা স্বৈরাচারী শাসন চাপিয়ে দিয়ে পাহাড়িদের দমিয়ে রাখতে চায়। তবে অন্যায় দমন-পীড়ন চালিয়ে পাহাড়ি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো স্তব্ধ করা যাবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

ছাত্রনেতা পলেন চাকমা বলেন, জেএসএস সন্তু সন্ত্রাসীদের একটি অংশ সাজেকে বহুদিন ধরে অবস্থান করায় সাজেক কার্বারি এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। প্রশাসন তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না করায় স্থগিতের পর গতকাল তারা আবার শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছিল। কিন্তু উক্ত অবরোধ বানচাল করে দেয়ার জন্য সেনাবাহিনী পূর্বপরিকল্পিতভাবে অবরোধ পালনকারী জনতার ওপর হামলা, বেপরোয়া লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলনে যুক্ত নেতাদের দোকানপাাট ও ঘরবাড়িতে ভাংচুর চালিয়েছে। সেনাবাহিনী নিজেরা গুলিবর্ষণ করে তা রাঙামাটি পুলিশ সুপার ও সংবাদ মাধ্যম ব্যবহগার করে “গোলাগুলি” হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সাজেকে অবরোধকারীদের ওপর হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করাসহ জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More