সাজেকে অবরোধকারীদের ওপর সেনা হামলার প্রতিবাদে বর্মাছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর বর্বর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ঘরবাড়ি-দোকানপাট ভাংচুরের প্রতিবাদে বর্মাছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বর্মাছড়ি বাজারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিখিল চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন, হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা সভঅপতি এলি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি প্রাচুর্য চাকমা।
বক্তারা গতকাল সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারী জনতার ওপর সেনাবাহিনীর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলেনের নেতাদের ঘরবাড়ি-দোকানপাট ভাংচুরে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মিছিল-মিটিং, সভা-সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করা কোনো অপরাধ নয়। তাহলে সাজেকে সেনাবাহিনী কেন শান্তিপূর্ণভাবে অবরোধ পালনকারী জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে? সাজেকবাসীর দাবি মেনে নিয়ে তা যথাযথ বাস্তবায়ন না করে উল্টো তাদের ওপর হামলার উদ্দেশ্য কী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের রক্ষা করা?

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্তি-সম্প্রীতি-উন্নয়নের নাম দিয়ে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সাধারণ পাহাড়ি জনগণের ওপর অন্যায় দমন-পীড়ন চালাচ্ছে। স্বাধীন মতপ্রকাশসহ সভা-সমাবেশের অধিকার কেড়ে নিচ্ছে। সাধারণ জনগণের ওপর এভাবে অন্যায় দমন-পীড়ন চলতে থাকলে পাহাড়ের মানুষ আর বসে থাকবে না। তারা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সাজেকে হামলাকারী সেনা সদস্যদের চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া তারা সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
