সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

0


চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বর্বর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলনের নেতাদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম, চট্টগ্রাম মহানগর শাখা।

“সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করুন, সাজেক থেকে জেএসএসের সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নিন” এই ব্যানার স্লোগানে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের পূর্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

গণতান্ত্রিক যুব ফোরামের নেতা শুভ চাক-এর সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শান্ত চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রেশমী মারমা ও পিসিপি চবি শাখার সভাপতি সুদর্শন চাকমা।

ছাত্রনেতা শান্ত চাকমা বলেন, সেনাবাহিনীর পদলেহনকারী জেএসএস সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ৩য় শ্রেণির ত্রিপুরা শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা সাজেকবাসীর আন্দোলন বানচাল করে দেয়ার লক্ষ্যে গতকাল শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালনকারী জনতার ওপর সেনাবাহিনী হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে।  তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাজেকে সেনাবাহিনীর বর্বরোচিত হামলায় ৭০ জনের অধিক মানুষ আহত হওয়ার ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে জারী থাকা অঘোষিত সেনাশাসনের নগ্ন রুপ এবং সেনা মদদপুষ্ট জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। অথচ মিডিয়ার মাধ্যমে সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনাকে ভিন্নভাবে চিত্রিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, মিডিয়ার কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু সেনা-গোয়েন্দা সংস্থার নির্দেশে দেশের মিডিয়াগুলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দিয়ে, সন্ত্রাসী অভিযানের নামে হয়রানি করে দমন করার চেষ্টা চালাচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাবাহিনী হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের লড়াকু সংগঠন ইউপিডিএফকে সন্ত্রাসী তকমা দেয়ার চেষ্টা করে। অথচ তারা জানে না ইউপিডিএফের পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রাহমান, বাংলাদেশের শহীদ জননী জাহানারা ইমাম ও মার্কসবাদী তাত্ত্বিক বদরুদ্দীন ওমরসহ দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও লেখকরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। সুতরাং, পাহাড়িদের ন্যায্য দাবি পূ্র্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা না করে পূ্র্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নিয়ে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত করুন এবং সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গঠনের উদ্যোগ নিন।

তিনি সাজেকবাসীর ৩ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং হামলার সাথে জড়িত সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সুদর্শন চাকমা বলেন, সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারী জনতার ওপর সেনাবাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মেইনস্ট্রিম মিডিয়ায় যেভাবে প্রকাশ করা হচ্ছে মনে হয় যেন সাজেকের অবরোধকারী জনতা দেশের নাগরিক নয়, তারা সকলেই অপরাধী। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের জনগণের স্বার্থে সকলের মিছিল, সমাবেশ করার অধিকার রয়েছে। সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করে সেনাবাহিনী অবরোধকারী জনতার ওপর বর্বরোচিত গুলিবর্ষণ ও লাঠিচার্জ করাটাই যেন ন্যায়সঙ্গত ও তাদের আইনগত অধিকার হিসেবে জাহির করছে। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সন্ত্রাসী কায়দায় হামলা করা যদি দেশের আইন হয় তাহলে দেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার কিসের মানদণ্ডে বিচার করা হবে?

তিনি আরো বলেন, মূলত সাজেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনজীবন দুর্বিষহ করে রাখার জন্য সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করে বন্দুকযুদ্ধের নাটক মঞ্চস্থ করার চেষ্টা চালাচ্ছে। যা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার পরিপন্থী।

রেশমি মারমা বলেন, পাহাড়ে সেনাবাহিনী কর্তৃক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে, প্রতিনিয়ত সেনা-সেটলার কর্তৃক নারী ধর্ষণ, ভূমি বেদখল ও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এযাবৎ কোন পদক্ষেপ কিংবা সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। একারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর বারবার সেনা-সেটলার কর্তৃক হামলা সংঘটিত হয়। তিনি সাজেকে অবরোধকারী জনতার ওপর হামলাকারী সেনা সদস্যদের ধিক্কার দেন এবং দাবী মেনে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে শুভ চাক বলেন, সাজেককে শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করলে হবে না। সেখানে বসবাসরত স্থানীয় পাহাড়িদের বঞ্চিত রেখে মুনাফা আদায়ের রাজনীতি করে দমন-পীড়ন চালানো বন্ধ করতে হবে।

তিনি সেনাবাহিনী কর্তৃক সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধকারী জনতার ওপর গুলিবর্ষণ, লাঠিচার্জ ও আন্দোলনের নেতাদের বাড়ি ভাঙচুর এবং জেএসএস সশস্ত্র গোষ্ঠী লেলিয়ে দেয়ার ঘটনায় জড়িত সেনা-পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More