সাজেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হচ্ছে কাল দুপুর ১২টায়, দাবি পূরণ না হলে শুরু হবে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার দাবিতে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ঘোষিত ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আগামীকাল শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায়। এর মধ্যে দাবি পূরণ না হলে শুরু হবে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি।
গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে উক্ত দুই সংগঠন সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্তু এখনো সন্ত্রাসীরা বহাল তবিয়তে থেকে সশস্ত্র তৎপরতা ও এলকায় অশান্তি সৃষ্টি করে যাচ্ছেন।
এ বিষয়ে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ঘোষিত আল্টিমেটামের মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নেওয়ার কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীকাল দুপুর ১২টা থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু করা হবে। অবরোধ কর্মসূচি সফল করতে সাজেকবাসী রাস্তায় নামবেন।
অভিযোগ রয়েছে, সেনাবাহনীর মদদে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে সাজেকের মাজলঙসহ দুয়েকটি স্থানে অবস্থান নিয়ে সশস্ত্র তৎপরতা চালিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। গত ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে মাজলঙ নোয়াপাড়ায় কস্মিতা ত্রিপুরা নামে ৭ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে সাজেকের জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
গত ১ অক্টোবর এলাকাবাসীর অংশগ্রহণে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন যৌথভাবে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কিন্তু সেদিনের সমাবেশ শেষ হতে না হতেই সেখানে বক্তব্য দেওয়ার কারণে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা বাবুধন চাকমাসহ কয়েকজন মুরুব্বীকে মোবাইলে কল করে হত্যার হুমকি প্রদান করেন। এতে জনমনে আরো বেশি উদ্বেগের সৃষ্টি হয়।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় গত ৮ অক্টোবর সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতৃত্বে সাজেকের সর্বস্তরের জনগণ আবার উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এলাকার তিন সহস্রাধিক মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এদিকে, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘দাবি আদায় না হলে আগামীকাল ১০ অক্টোবর, শনিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের আওতায় থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত পর্যটক ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, পরিস্থিতির খোঁজখবর নিয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্য আসবেন, অন্যথায় আপনারা ভোগান্তির মুখে পড়বেন।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
