কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সাঁকো নির্মাণ

0
ধূপছড়ি পাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৩০ মার্চ ২০২৬

গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) প্রতিষ্ঠার ২ যুগ পূর্তি উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি ও ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সাঁকো-সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ ২০২৬ সকাল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিওয়াইএফ’র কাউখালী শাখার নেতা-কর্মী ও সমর্থকরা স্বেচ্ছাশ্রমে এই কাজ করেন।

“জনসেবায় যুব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন” আহ্বানে এই কাজে নেতৃত্ব দেন ডিওয়াইএফের কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি থুইনুমং মারমা।

 ধূপছড়ি স. প্রা. বিদ্যালযের আশে-পাশে পরিষ্কার-পরিচ্ছন্না অভিযান

শুরুতে গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালি উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন ২নং ফটিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার উক্যচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিবাইমং মারমা।

মেম্বার উক্যচিং মারমা ডিওয়াইএফের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর যুব সমাজ, নারী সমাজকে এভাবে উদ্যোগ নিয়ে জনকল্যাণমূলক কাজ করা দরকার। বর্তমানে প্রত্যক এলাকায় যুব সমাজ নেশায় আসক্তসহ নানা সমাজবিরোধী কাজে লিপ্ত থাকে। এর থেকে নিজেদের পরিবর্তন করে সমাজের কল্যাণে কাজ করতে হবে। সকলে এক সাথে মিলেমিশে কাজ করলে সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে। তাই যুব সমাজকে মদ, জুয়া থেকে বিরত থেকে সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাত হবে।  


নিবাইমং মারমা বলেন, আগামী ৫ এপ্রিল গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার ২ যুগ পুর্ণ হবে। এ উপলক্ষে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ সাঁকো-সেতু নির্মাণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা আশা করি এ কর্মসূচিতে স্থানীয় যুবক-যুবতীরাও অংশগ্রহণ করবেন।  

তিনি মদ, জুয়াসহ সকল সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এলাকার ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

তার বক্তব্যের পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ সাঁকো-সেতু নির্মাণ কাজ শুরু করা হয়।

এতে সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকায় যুবক-যুবতীসহ মিলে স্বেচ্ছাশ্রমে বেতবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ২নং ফটিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যবর্তী খালে জনগণের চলাচলের সুবিধার্থে একটা বাঁশের সাঁকো নির্মাণ ও একটি সেতু সংস্কার করে দেওয়া হয়।



এছাড়া ফটিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধূপছড়ি হাট-বাজার, রাস্তা-ঘাট, ধূপছড়ি পাড়া সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান; বেতবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পচুপাড়া বৌদ্ধ বিহার এবং কলমপতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনসাধারণের জন্য টয়লেট নির্মাণ ও গীর্জায় যাতায়াতের সুবিধার্থে বাঁশের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে।

ডিওয়াইএফের এই উদ্যোগে স্থানীয় এলাকার জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন।  ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ চলমান রাখতে তারা পরামর্শ দেন।

পচুপাড়া বৌদ্ধ বিহার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More