কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত দুই স্কুল ছাত্রকে নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনী কর্তৃকদুই স্কুল ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ১ নভেম্বর সকাল ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল শুরু হয়ে কলেজের পুর্ব গেইটের সামনে এসে পৌঁছলে পুলিশ বাধা দেয়। ফলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা, সহ-সভাপতি সন্দীপন চাকমা বক্তব্য রাখেন। কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা উপস্থাপনা করেন।

বক্তারা বলেন, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটার সময় কাউখালী আর্মি ক্যাম্প থেকে মেজর সাব্বিরের নেতৃত্ব একদল সেনা পোয়া পাড়া গ্রামে হানা দেয়। এ সময় পোয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী উৎপল চাকমা ও নবম শ্রেণীর ছাত্র রূপন চাকমা একটি বাড়িতে ঘুমাচ্ছিলেন। সেনারা প্রথমে বাড়িটির চারদিক ঘেরাও করে এবং পাইছি পাইছি বলে চিৎকার দেয়। এরপর সেনারা তাদেরকে ঘুম থেকে তুলে অস্ত্র গুজে দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। পরে তাদেরকে কাউখালী থানা পুলিশের নিকট সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দিয়ে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়।

বক্তারাবলেন, সেনাবাহিনী সম্পর্ণ ষড়যন্ত্রমূলকভাবে নাটক সাজিয়ে উৎপল চাকমা ও রূপন চাকমাকে গ্রেফতার করেছে। পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে নস্যাৎ করে দেয়ার লক্ষ্যে সরকারী ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে সেনাবাহিনী এ গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে।

বক্তারা ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনী কর্তৃক স্কুল ছাত্র গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারপূর্বক নিপীড়ন নির্যাতন বন্ধের দাবি জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More