গুইমারায় গভীর রাতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম কুকিছড়া গ্রামে গভীর রাতে সেনাবাহিনী এক সাধারণ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতরাত আনুমানিক ২টার সময় সিন্দুকছড়ি সেনা জোন ও নাইক্যাপাড়া ক্যাম্প হতে যৌথভাবে সেনাবাহিনীর একটি দল কুকিছড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রামের বাসিন্দা কংহ্লা প্রু মারমা (৪৭), পিতা- মৃত আখই মারমা’র বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। সেনারা তার কাছ থেকে “একটু আগে এখান থেকে একটি টর্চলাইট জ্বালিয়ে একজন লোক পালিয়ে গেছে কিনা” জিজ্ঞাসা করেন এবং তারা বাড়ি তল্লাশি করবেন বলে তাকে বলেন।
পরে সেনারা তার বাড়িটি তল্লাশি চালায়। এ সময় তারা ষড়যন্ত্রমূলকভাবে বাড়ির পানি রাখার স্থান থেকে ‘প্লাস্টিক মোড়ানো লোহার মতো শক্ত একটা জিনিস পেয়েছে’ বলে বাড়ির মালিক কংহ্লা প্রু মারমা’র হাতে ধরিয়ে দিয়ে দেখান।
‘এতে আমি খুব ভয় পেয়ে যাই’- বলেন ভুক্তভোগী কংহ্লা প্রু মারমা।
পরে প্লাস্টিক মোড়ানো জিনিসটি খুলে দেখানোর সময় ওখানে কয়েকটি টুথ ব্রাশ ও জং ধরা লোহার টুকরো দেখতে পেয়েছেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।
কংহ্লা প্রু মারমার স্ত্রী সানু মারমা জানান, ‘বাড়ি তল্লাশির সময় তিনি বাড়ির পাশের তার ভাসুরকে ডাকলে সেনারা তাকে ডাকতে নিষেধ করেন। এছাড়া তিনি গ্রামের কার্বারীকে ফোন করলেও তাকে পাননি বলে জানান।
পরে একজন সেনা সদস্য কংহ্লা প্রু মারমার কাছ থেকে নাক্রাই পাড়ার কার্বারি অংগ্যজাই মারমাকে চেনেন কিনা জিজ্ঞাসা করেন। তিনি চেনেন বলে জানালে সেনা সদস্য তাকে ওই কার্বারির সাথে মোবাইলে কথা বলিয়ে দেন।
এরপর আজ (৮ এপ্রিল) ভোররাতে সেনারা কংহ্লা প্রু মারমার হাতে ৩০০ (তিনশত) টাকা ধরিয়ে দিয়ে ‘মনে কষ্ট না নেওয়ার’ কথা বলেন এবং ‘ছেলে-মেয়েদের জন্য খাতা-কলম লাগলে নাইক্যাপাড়া ক্যাম্প হতে নিয়ে আসার’ কথা বলে তারা ক্যাম্পে ফিরে যান বলে ভুক্তভোগী জানিয়েছেন।
এদিকে, আসন্ন সাংগ্রাই উৎসবের প্রাক্কালে গভীর রাতে সেনাবাহিনীর এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় গ্রামবাসীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
