দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুণি’র আত্মবলিদানের ৩৪তম বার্ষিকীতে পিসিপির আলোচনা সভা

দীঘিনালায় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দুর্বৃত্তের দৌরাত্ব্য থেকে মেইনীবাসীকে মুক্ত করতে শহীদ ভরদ্বাজ মুণি’র আত্মবলিদানের ৩৪তম বার্ষিকীতে দীঘিনালায় সম্মান প্রদর্শন ও আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ৪নং দীঘিনালা ইউনিয়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীলময় চাকমার সভাপতিত্বে ও তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক জেকিন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক চন্দন চাকমা, ৪নং দীঘিনালা ইউপির সাবেক চেয়ারম্যান শাক্যমণি চাকমা, বানছড়া গ্রামের কার্বারি প্রজ্ঞাজ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা ও সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিঠুন চাকমা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ ভরদ্বাজ মুণি চাকমার ছেলে দয়ামোহন চাকমা।
সভা শুরুতে শহীদ ভরদ্বাজ মুণিসহ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় মিঠুন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মুণি আমাদের মত তরুণদের কাছে এক সাহসের প্রতীক, অনুপ্রেরণার নাম। তিনি যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। আমরা জানি, পৃথিবীতে তারাই মহান, যারা জাতির জন্য লড়াই করে, জীবন বিলিয়ে দেয়। তৎকালীন ছাত্র আন্দোলন তথা পাহাড়ি ছাত্র পরিষদের আহূত সমাবেশে সেনা-সেটলার ও পুলিশের পরিকল্পিত হামলায় জীবন দিয়ে ভরদ্বাজ মুণি চাকমা শহীদের মর্যাদায় ভূষিত হয়েছেন।
মিঠুন চাকমা আরো বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ দীর্ঘ বছর থেকে শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনের ফলে প্রাক-প্রাথমিক পর্যন্ত ৫টি জাতিসত্তার শিশুদের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে বাধ্য হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। কিন্তু ক্ষোভের সাথে বলতে হয় এটা বাস্তবায়নে সরকারের কোন তদারকি ছিল না। প্রশিক্ষণের অভাবে দক্ষ শিক্ষক নেই। তিনি বর্তমান সরকারের কাছে এর দীর্ঘমেয়াদী সমাধানের দাবি জানান।
পরান্টু চাকমা তার বক্তব্যে বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন এবং একটি জাতির জন্য যুব সমাজের ভূমিকা অপরিহার্য। বর্তমানে যুবসমাজের নীতি-নৈতিকতা বিভিন্নভাবে অবক্ষয়ের কারনে সামাজিক কাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমাজে কিংবা স্যোসাল মিডিয়ায় মদ-গাঁজা-হেরোইন-ইয়াবা সেবনের দৃশ্য এবং ব্যবসার সাথে জড়িত থাকার কারণে অনেকের আটকের খবর চোখে পড়ছে, যা খুবই উদ্বেগজনক। এসব রোধে এবং ঘুণেধরা সমাজকে কলঙ্কমুক্ত রাখতে যুব সমাজকে মাদক ছেড়ে কল্যাণকর সামাজিক কাজে মনোনিবেশ করতে হবে।
শাক্যমণি চাকমা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৯২ সালে পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রকাশ্যে সভা-সমাবেশ করা যেত না। সে সময়ে জেএসএস তথা শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলন চলমান থাকলেও জোর ছিলো না। কিন্তু পাহাড়ি ছাত্র পরিষদ গঠনের পর আন্দোলনের গতি দুই গুণ বেড়ে যায়। দুঃখের বিষয় সরকারের ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রয়োগের ফলে গণতান্ত্রিক আন্দোলনে ভাটা পড়েছে।
বর্তমান বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের জন্য ৩টি কমিটি গঠন করলেও সেখানে সরকারি প্রনিনিধিছাড়া প্রকৃত অর্থে কোনো পাহাড়ি প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে সে তিনটি কমিটি আমাদের পাহাড়িদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে, নাকি বিষাদের বক্তব্য তুলে ধরবে?
তিনি গণতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রাম জরুরী বলে মন্তব্য করেন।
প্রজ্ঞাজ্যোতি চাকমা বলেন, আমাদের যুবসমাজ, নারীসমাজ ক্রমশ অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। সমাজ ঠিক না থাকলে জাতি, রাজনৈতিক দল সঠিকভাবে পরিচালিত হবে না। তাই সবার আগে ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে ঠিক করা দরকার।
ইউপিডিএফ সংগঠক চন্দন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে আপামর জনগণের লড়াকু পার্টি ইউপিডিএফ আপোষহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলন মানে জনমানুষের এক অনুপ্রেরণার নাম, যা বিগত সময়ে আমরা দেখেছি।
ইউপিডিএফ শুরু থেকে আজ পর্যন্ত জাতীয় অস্তিত্ব রক্ষা, ভূমি বেদখল, রাষ্ট্রীয় খুন-গুম, অপহরণ, নারী ধর্ষণ-নির্যাতনসহ নানা অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে।
বিগত সময়ে দীঘিনালা বাবুছড়ায় ২১ পরিবারকে উচ্ছেদ করে বিজিবি হেডকোয়ার্টার নির্মাণের প্রতিবাদে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা হয়। সেসময় রাষ্ট্রীয় বাহিনীর হামলায় অনেকে আহত হয়।
তিনি আরো বলেন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আন্দোলন সংগঠিত করে তাদেরকে কোন শাসক দমিয়ে রাখতে পারেনি এবং পারবে না। তাই আমাদেরকেও দমিয়ে রাখা যাবে না। শহীদ ভরদ্বাজ মুণির আত্মবলিদানের চেতনায় জনগণকে সাথে নিয়ে দীঘিনালায়-সহ পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নেতৃত্বে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি জুম্ম জনগণের একমাত্র মুক্তির সনদ পূর্ণস্বায়ত্তশাসন অর্জনের আন্দোলনকে বেগবান করতে পিছুটান ত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে যুক্ত হতে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সুনীল ময় চাকমা বলেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি তা এক সময় ধ্বংস হয়ে যায়। কিন্তু জাতির জন্য যারা আত্মবলিদান দেয় তারা মৃত্যুর পরও অমর হয়ে থাকেন। দীঘিনালার কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পিসিপি’র সাবেক সভাপতি মিটন চাকমাসহ যারা জাতির বৃহত্তর স্বার্থের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন তারা ছিলেন শাসকগোষ্ঠীন জন্য একেকটা বিষ ফোঁড়ার মতো। তাদেরকে হয়ত শারীরিকভাবে হত্যা করা যায়, কিন্তু তাদের আদর্শ বয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মের রক্তে প্রতিটি শির-উপশিরায়।
তিনি পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে পিসিপি’র পতাকাতলে সমবেত হওয়ার জন্য ছাত্র সমাজজের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
