অন্য মিডিয়া
নান্যাচরের বুড়িঘাট এলাকায় এক ব্যক্তির হাত বাঁধা মরদেহ উদ্ধার

ন্য মিডিয়া ডেস্ক, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৯ মে ২০২৬
রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট এলাকায় চেঙ্গী নদী থেকে শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামে এক ব্যক্তির হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর প্রথম আলোর।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলা–সংলগ্ন চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে প্রথম আলোর খবরে বলা হয়েছে।
নিহত শম্ভু বিকাশ চাকমার বাড়ি নান্যাচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়ায়। তিনি মৃত জামিনি মোহন চাকমার ছেলে।
নান্যাচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রূপক চাকমা প্রথম আলোকে বলেন, সোমবার (২৫ মে) রাত ১২টার দিকে মুখোশ পরা তিন থেকে চারজন শম্ভু বিকাশ চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। থানা থেকে ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।
নান্যাচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
(সূত্র: প্রথম আলো, ২৯ মে ২০২৬)
—-
* নোট: এদিকে, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শম্ভু বিকাশ চাকমা এলাকায় কবিরাজি (বৈদ্যগিরি) করতেন। এ নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠার কারণে জেএসএস (এমএন লারমা/সংস্কারবাদী)-এর পক্ষ থেকে তাকে ডেকে পাঠিয়ে কড়া সতর্ক ও কবিরাজি কর্মকাণ্ড না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি পূনরায় তার কবিরাজি কাজ শুরু করেন জানিয়ে স্থানীয়রা বলেন, এ কারণে শত্রুতাবশত কেউ এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
অপরদিকে, অন্য একটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, তাকে বাড়ি থেকে তুলে নেওয়ার দিনই মহালছড়ির হেমন্ত পাড়া এলাকায় নিয়ে গিয়ে হত্যার পর চেঙ্গী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
