নান্যাচরে গণতান্ত্রিক যুব ফোরামের ২ যুগ পূর্তিতে আলোচনা সভা

ন্যান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর ২ যুগ পূর্তিতে রাঙামাটির নান্যাচরে আলোচনা সভা করেছে সংগঠনটির নান্যাচর উপজেলা শাখা।
আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ১:০০টার সময় এ আলোচনা সভার আয়োজন করা হয়। বৃষ্টির কারণে সভা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়।
“যুব শক্তি গর্জে ওঠো, সরকারি বিপ্লবীদের নস্যাৎ করে দিয়ে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াই জোরদার করো” আহ্বানে আয়োজিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা।
যুবনেতা ধর্মশিং চাকমা বলেন, ২০০২ সালে চট্টগ্রাম নগরীতে “পাহাড়ি যুব ফোরাম” নামে আমাদের সংগঠনটি যাত্রা শুরু করে। পরে ২০০৫ সালে সংগঠনের নাম পরিবর্তনে করে “গণতান্ত্রিক যুব ফোরাম” রাখা হয়। গঠনের পর থেকে দীর্ঘ দুই যুগে গণতান্ত্রিক যুব ফোরাম পার্বত্য চট্টগ্রামে সকল অন্যায় অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে যুব সমাজকে সুসংগঠিত করতে নানান কর্মসূচী গ্রহণ এবং মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা পালন করছে এই সংগঠনটি।
তিনি আরো বলেন, জাতি ধ্বংসের রাষ্ট্রীয় নীল নকশা বাস্তবায়নের জন্য পাহাড়ে উন্নয়নের নামে ঘর-বাড়ি উচ্ছেদ করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসব উন্নয়ন-পর্যটনের নামে পাহাড়িদের জায়গা-জমি জবদখল করার সুগভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।
তিনি পার্বত্য চট্টগ্রামে সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সরকারের দালালিপনা-লেজুড়বৃত্তি না করে পূর্ণস্বায়ত্তশাসন লড়াইয়ে সামিল হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা সভাপতি প্রিয়তন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি নিকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক জিপল চাকমা ও ইউপিডিএফ প্রতিনিধি সরল চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
