পানছড়িতে জেএসএস সন্ত্রাসী কর্তৃক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাতালমুনি পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগীর নাম জহলাল ত্রিপুরা(২৮), পিতা: বেদনা কুমার ত্রিপুরা, গ্রাম: কাতালমনি পাড়া, পানছড়ি।
পাড়াবাসীরা জানান, গতকাল সন্ধ্যা ৭.৩০টার সময় হঠাৎ মানসিক সমস্যাজনিত অসুখ বৃদ্ধি পাওয়ায় জহলাল ত্রিপুরা নানা কথাবার্তাসহ বাড়ির লোকজনকে গালি-গালাজ ও চিৎকার করতে থাকেন।
পরে রাত ৮টার দিকে কিছু বুঝে ওঠার আগে জেএসএস সন্তু গ্রুপের দু’জন সশস্ত্র সদস্য হাতে দুটি গাছের লাঠিসহ তাদের বাড়িতে এসে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে জহলাল ত্রিপুরাকে বেধড়ক মারধর করতে শুরু করেন। মারধর করতে করতে এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠি ভেঙে যায়। পরে জহলালকে অজ্ঞান অবস্থায় মাটিতে ফেলে রেখে তারা চলে যায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন।
ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তার পরিবারের সদস্যরা জানান, জহলাল ত্রিপুরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। রোগটি বেড়ে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি কখনো গান-বাজনা করেন, কখনো হাসি-তামাশা ও কখনো লোকজনকে গালিগালাজও করে থাকেন। দীর্ঘদিন ধরে তারা তার চিকিৎসা করে আসছেন। গত কয়েকদিন ধরে রোগটি বেড়ে যাওয়ায় তাকে আরো চিকিৎসা করানোর জন্য গত সপ্তাহে একটি গরুও বিক্রি করেছেন বলেও তারা জানান।
পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন লোককে এভাবে মারধর করায় তারা খুবই মর্মাহত হয়েছেন। এটা মোটেই ঠিক হয়নি। এ মুহুর্তে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে যে কোনো সময় তার মৃত্যুও হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সন্তু গ্রুপের সন্ত্রাসীদের এমন অমানবিক কাণ্ডে পাড়াবাসীসহ এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
