সাজেকের মাচলঙে এক ব্যক্তির বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে!

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙ চিল্ল্যাতুলিতে মিয়্যো রঞ্জন চাকমা নামে এক ব্যক্তির ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৮টার সময় এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকাল ৫টার সময় বাঘাইহাট সেনাজোন থেকে শতাধিক সেনাসদস্য মাচলঙ নোয়াপাড়া এলাকায় অভিযানে যায়। আজ (মঙ্গলবার) সকাল ৭টা তারা মাচলং ও চিল্ল্যাতুলি মধ্যবর্তী স্থানে প্রথমে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর চিল্ল্যাতুলি কুটিরের পাশে মিয়্যো রঞ্জন চাকমার বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে কী কারণে তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগষ্ট জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর প্রহরায় উদয়পুর, কংলাক পাড়া থেকে নোয়াপাড়া ও চিল্ল্যাতুলি এলাকায় আসার পর মিয়্যো রঞ্জন চাকমা নিরাপত্তাজনিত কারণে বাড়ি-ঘর ছেড়ে মাচলঙ ডিপুপাড়ায় চলে যান। এক মাসের অধিক সময় পর্যন্ত তিনি বাড়িতে যেতে পারছে না। আজ (১৩ অক্টোবর) সকালে তার সেই বাড়িটিই সেনারা পুড়িয়ে দিয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনী অভিযান চালালেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা চিল্ল্যাতুলি, লাম্বাবাক, থালকুম্ভো ও ভুয়াছড়িতে প্রকাশ্যে অবস্থান করছে। ফলে সেনাবাহিনীর অভিযান পরিচালনা কী নাটক নাকি অন্য কিছু তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তাদের প্রশ্ন, সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে তাহলে তারা ওইসব এলাকায় কীভাবে অবস্থান করছে?
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
