পানছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বড়কোনা এলাকায় দুই সাধারণ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (২০ মে ২০২৬) রাতে এ তল্লাশির ঘটনাটি ঘটে।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. কৃষ্ণ মুনি চাকমা (৫০) ও ২. রূপায়ন চাকমা (৩২)। তারা দু’জনই বড়কোনা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার সময় পানছড়ি সাব-জোন থেকে ২০ জনের একটি সেনা দল বড়কোনা গ্রামে হানা দেয়।
এরপর সেনারা রাত ১০:৪৫টার দিকে প্রথমে সাধারণ গ্রামবাসী কৃষ্ণ মুনি চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে পরে রাত ১১:১০টার সময় সেনারা অপর গ্রামবাসী রূপায়ন চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তার বাড়ি থেকেও অবৈধ কোন কিছু তারা উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
তল্লাশিকালে সেনারা রূপায়ন চাকমার বাড়ি থেকে ৩৫০ টাকা চুরি করে নিয়ে যায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
তল্লাশি শেষে সেনারা ক্যাম্পে ফিরে যায় স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
