বাঘাইছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যের ওপর সশস্ত্র হামলা, অল্পের জন্য প্রাণ রক্ষা

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৫ মে ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুয়ো দোকান নামক স্থানে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য সোহেল চাকমার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৪ মে) রাতের কোন এক সময় সন্তু গ্রুপের ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বঙ্গলতলী এলাকায় প্রবেশ করে নুয়ো দোকানের আশপাশের স্থানে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে।

আজ (৫ মে) সকাল ৭টার দিকে ইউপিডিএফের স্থানীয় সংগঠক সোহেল চাকমা সাংগঠনিক কাজে মোটর সাইকেলে করে উজোবাজারের দিকে রওনা দিলে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা অতর্কিতে তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সোহেল চাকমা সেখান থেকে অক্ষত অবস্থায় সরে যেতে সক্ষম হন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান।

হামলার পর সন্ত্রাসীরা নুয়ো দোকানে গিয়ে দোকানদার ও সাধারণ লোকজনের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে ভালুকমাজ্জে এলাকার দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার ভাগ্য চাকমা ও মুখোশ বাহিনী থেকে পালিয়ে সন্তু গ্রুপে আশ্রয় নেওয়া রুবেল চাকমার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, হামলাকারী সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলেও তারা (সন্ত্রাসীরা) চলে যাওয়ার কিছুক্ষণ পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। বর্তমানে নুয়ো দোকান ও জারুলছড়ি জুনিয়র বিদ্যালয়ে সেনাবাহিনী অবস্থান করছে বলে জানা গেছে।

স্থানীয়রা এই হামলার পেছনে সেনাবাহিনীর কোন যোগসাজশ রয়েছে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More