বান্দরবান সদর হাসপাতালে ছিল না আইসিইউ, চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মারা গেল হামে আক্রান্ত শিশুটি

0

বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬

বান্দরবান জেলায় একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট বান্দরবান জেলা সদর হাসপাতালে আইসিইউ না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছে হামে আক্রান্ত ৪ বছরের শিশু ফ্রেএং খুমী।

জানা যায়, হামে আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। আজ সোমবার (২৭ জুলাই) তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বান্দরবান সদর হাসপাতাল, যেটি বান্দরবান জেলায় একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। কিন্তু হাসপাতালে ছিল না কোনো আইসিইউ। ফলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌছার পর পরই শিশুটির মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এর আগে গত ২৫ জুলাই তার বড় ভাই প্রেটংএং খুমী (৭) একইভাবে হামে আক্রান্ত হয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

মাত্র ২ দিনের ব্যবধানে দুই শিশু সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, বান্দরবান সদর হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, “বান্দরবানের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় প্রধান হাসপাতালে আইসিইউর ব্যবস্থা না থাকা মানেই পাহাড়িদেরকে সুকিচিৎসা থেকে বঞ্চিত করা। বান্দরবানের সকল রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং দুই জন সংসদ সদস্য কী এ মৃত্যুর দায় নিতে পারবেন?”

তাদের অভিযোগ, বান্দরবানে দু’জন সংসদ সদস্যের (সংরক্ষিত নারী সংসদ সদস্যসহ) কারো কোন খবর পাওয়া যাচ্ছে না। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে!



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More