মাটিরাঙ্গার ধুল্যায় ইউপিডিএফ কর্মীদের ওপর ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হামলা, একজন নিখোঁজ

0

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নৈর ১নং ওয়ার্ডের ধুল্যা গ্রামে ইউপিডিএফের স্থানীয় কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে ৮টার সময় অজিত চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ধুল্যা গ্রামে হানা দিয়ে সেখানে একটি বাড়িতে অবস্থানরত ইউপিডিএফের স্থানীয় কর্মী কৌশল ও পরেশ চাকমার ওপর হামলা চালায়। এতে পরেশ চাকমা অক্ষত অবস্থায় সরে যেতে পারলেও কৌশলকে খুঁজে পাওয়া যাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না স্থানীয়রা।

হামলাকারী সন্ত্রাসীরা ওই বাড়ির জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, হামলার পর ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যাওয়ার পর সকাল ১১টার সময় বিজিতলা আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য হামলাকারী সন্ত্রাসী অজিতকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেছে এবং এ রিপোর্ট লেখার সময় (সকাল ১১:৪৫টা) পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



 Like1656 136

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More