রামগড়ের হাচুক পাড়া এলাকায় কয়েকজন সেটলারকে সাথে নিয়ে বিজিবি সদস্যদের ঘোরাফেরা, স্থানীয়দের উদ্বেগ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া এলাকায় কয়েকজন সেটলারকে সাথে নিয়ে বিজিবি সদস্যদের ঘোরাফেরা, লোকজনের কাছ থেকে নানা জিজ্ঞাসাবাদ ও ঘরবাড়ি ছবি তোলা ও ভিডিও ধারণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে তৈচালা ক্যাম্প থেকে প্রায় ১৫ জন বিজিবি সদস্য ২-৩ জন সেটলার বাঙালিকে সাথে নিয়ে সোনাইআগা পাড়া হয়ে হাচুক পাড়ায় প্রবেশ করে।

এরপর তারা পাড়ার লোকজনের কাছ থেকে “কোথা থেকে এসেছে, কে তাদেরকে সেখানে ঘর নির্মাণ করে বসবাসের অনুমতি দিয়েছে, ইউপিডিএফের সাথে তাদের যোগাযোগ আছে কি-না” ইত্যাদি জিজ্ঞাসা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এছাড়া বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাদের ঘরবাড়ির ছবি তোলে ও ভিডিও ধারণ করেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ সময় স্থানীয় এক ব্যক্তি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “তারা অন্য কোন জায়গা থেকে এসে বসতি স্থাপন করেননি। এসব জায়গা বহু অতীত থেকে পাহাড়িদের মালিকানাধীন ছিল। সে সূত্রে তারা সেখানে বসবাস করছেন।”

তার এ কথা বলার সময়ও ভিডিও ধারণ করা হয় বলে জানা গেছে।

এমতাবস্থায় দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করার পর বিজিবি সদস্যরা স্থানীয় একটি গির্জা পরিদর্শন করে ও সেখানে কিছুক্ষণ অবস্থান করে। পরে ‘টিএনও’ বাগানের দিকে অর্ধেক পথ যাওয়ার পর আবার হাচুক পাড়ার দিকে ফিরে এসে ‘তৈসাগারা’ নামের ছড়া দিয়ে এলাকা ত্যাগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা ধারণা করছেন, সোনাইআগা এলাকার মো. ইউনুস গংদের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিজিবি সদস্যরা ২-৩ জন সেটলারকে সাথে নিয়ে পাহাড়ি গ্রাম হাচুক পাড়া এলাকায় এসেছে। বিজিবির সাথে থাকা এক সেটলার বাঙালির সাথে বিজিবি সদস্যদের মধ্যে জায়গার সীমানা নিয়ে কথাবার্তা বলতে শোনা গেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, সেটলারদের সাথে নিয়ে বিজিবি সদস্যদের এমন ঘোরাফেরা বা টহল, স্থানীয়দের তথ্য জানতে চাওয়া, ঘরবাড়ির ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে স্থানীয় পাহাড়ি বাসিন্দারা উদ্বেগ করেছেন। এসব ছবি ও ভিডিও ব্যবহার করে পরবর্তীতে মিথ্যাভাবে তাদেরকে ফাঁসানো হতে পাতরে বলেও তারা আশঙ্কা প্রকাশ করছেন।

অপরদিকে, নাঙ্গেল পাড়া এলাকার এক ব্যক্তির জায়গায় প্রায় ১২ জন সেটেলার বাঙালি জঙ্গল পরিষ্কার করার খবর পাওয়া গেলেও সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More