লংগদুর কাট্টলীতে অভিযানের নামে সেনাবাহিনীর ব্যাপক গুলিবর্ষণ, জনমনে আতঙ্ক

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাঙাামাটির লংগদু উপজেলার কাট্টলীতে অভিযানের নামে সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণের ঘটনায় এলাকার জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সেনারা মর্টার শেলও নিক্ষেপ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ভোররাত ৩টার দিকে লংগদু জোনের সেনাবাহিনীর একটি দল পাগলীছড়া বটতুলি হয়ে চুচ্চেঙমৌন পথ ধরে এসে সকাল ৮টার দিকে কাট্টলী আম বাগান নামক এলাকায় প্রবেশ করে। সেনাদের সাথে সন্তু গ্রুপের একটি সশস্ত্র দলও ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এরপর সেনাবাহিনীর সদস্যরা উপর্যুপুরি ব্রাশফায়ার করতে শুরু করে। এক পর্যায়ে তারা অন্তত ৫-৬টি মর্টার শেলও নিক্ষেপ করে বলে স্থানীয়রা জানান। অতর্কিতভাবে সেনাদের এ ধরনের ব্রাশফায়ার ও মর্টার শেল নিক্ষেপের ঘটনায় এলাকার জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর নান্যাচর সেনাজোন থেকে একদল সেনা সদস্য ৩টি ইঞ্জিনচালিত নৌকাযোগে বন্দুকভাঙ্গার তিবিরেছড়া ও দিমুখ্যাছড়া এলাকায় গিয়ে অবস্থান নেয় বলে জানা যায়।
এদিকে, বেলা ২টার দিকে লংগদু জোনের সেনারা আমবাগান এলাকা থেকে ছোট কাট্টলীর কুকিছড়া হয়ে জোনে ফিরে যায় বলে স্থানীয়রা জানান। অপরদিকে, তিবিরেছড়া ও দিমুখ্যাছিড়া এলাকায় যাওয়া সেনা সদস্যরাও বেলা ২.৩০টার দিকে নান্যাচরের দিকে চলে যায় খবর পাওয়া গেছে।
একটি সূত্রে তথ্য পাওয়া গেছে, সেনাবাহিনী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের কাট্টলী আমবাগান এলাকায় প্রবেশ করানোর ষড়যন্ত্র করছে। যার কারণে ওই এলাকাটিকে নিরাপদ করতে সেনাবাহিনী সেখানে অভিযানের নামে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেনাদের এমন গুলিবর্ষণের ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সেনাবাহিনীর এমন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছেন জানিয়ে বলেছেন, তারা যদি এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে তাহলে এলাকার জনগণ তা মেনে নেবে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
