লোগাঙ গণহত্যায় নিহতদের স্মরণে লক্ষীছড়িতে প্রদীপ প্রজ্বলন

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ লোগাঙ গণহত্যায় নিহতদের স্মরণে খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রদীপ প্রজ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম, লক্ষীছড়ি উপজেলা শাখা।
আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার সময় এই প্রদীপ প্রজ্বলন করা হয়।

“শহীদের রক্তস্নানে জ্বলে ওঠো, পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হও ছাত্র-যুব- জনতা” এই আহ্বানে আয়োজিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা ও সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনিকা চাকমা। এছাড়া এতে এলাকার সাধারণ শিক্ষার্থী, যুবক-যুবতী, শিশু-কিশোরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা। তিনি ১৯৯২ সালের ১০ এপ্রিল সেনা-বিডিআর ও সেটলার দ্বারা সংঘটিত লোগাঙ গণহত্যার বিষয়ে তুলে ধরেন এবং দীর্ঘ ৩৪ বছরেও এ ঘটনার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি কালক্ষেপণ না করে লোগাঙ গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
