সাজেকের কয়েকটি স্থানে সেনাবাহিনীর অবস্থান, জনমনে উদ্বেগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাঙামাটির সাজেকে কয়েকটি স্থানে সেনাবাহিনীর অবস্থান ও তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল ৯টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে ২১ জনের একদল সেনা সদস্য হাড়ি-পাতিলসহ বামে বাইবাছড়া গ্রামে যায়। সেখানে প্রায় ২ ঘন্টা ঘোরাঘুরি করার পর বর্তমানে বামে বাইবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
অন্যদিকে, বেলা ২টার সময়ে গঙ্গারাম টাইগাইগার টিলা ক্যাম্প থেকে ২০ জনের আরেকটি সেনা দল রামুছড়া গ্রামে গিয়ে অবস্থান নিয়েছে এবং একই সময়ে বাঘাইহাট সেনা জোন থেকে ১০ জনের অপর একটি সেনা দল গঙ্গারাম দোপদা এলাকায় রেতকাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক প্রবীণ মুরুব্বী বলেন, বাঘাইহাট সেনাজোনে ১৪ বেঙ্গল’র সেনারা আসার পর থেকে সাজেক এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত গ্রামে গ্রামে ঢুকে সেনা সদস্যরা সাধারণ জনগণকে হয়রানিমূলক নানা প্রশ্ন করে থাকে। সেনাদের টহল দেখলে মনে হয় এখন বুঝি কারোর সাথে যুদ্ধ করবে।
গঙ্গারাম এলাকার এক নারী বলেন, সেনাবাহিনী নিরাপত্তা নামে টহলের কথা বললেও তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। কারণ তারা গ্রামে ঢুকলে কখন কাকে ধরে নিয়ে যায়, কখন কার ওপর অত্যাচার চালায়, কখন নারীর ওপর যৌন হয়রানি করে- এসব নিয়ে আমাদের সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। কারণ, অতীতের বিভিন্ন সময় আমরা এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি।
তিনি কোন কারণ ছাড়াই গ্রামে গ্রামে সেনা টহল বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
