সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু, উজোবাজারে রাতভর সেনাবাহিনীর তৎপরতা

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়।

অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  

এলাকায় অশান্তি ও উৎপাত সৃষ্টির দায়ে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে তাদের নিজস্ব সাংগঠনিক এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে গতকাল (১০ অক্টোবর) উক্ত দুই সংগঠন যৌথ বিবৃতিতে এই অবরোধের ডাক দিয়েছে।

এদিকে, অবরোধ কর্মসূচি বানচাল করে দেয়ার লক্ষ্যে গত রাতেও উজোবাজারসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে। রাতভর তারা উজোবাজারে ঘোরাফেরা করে জনমনে ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে। তবে বাজার ও আশেপাশের নারীরাও নিজেদের দোকানপাট সুরক্ষায় রাতে উজোবাজারে অবস্থান করে সেনাবাহিনীর অপতৎপতার বিরুদ্ধে প্রতিবাদ জানিযেছে।

গতকাল দিবাগত রাত ২টায় উজোবাজারে সেনা সদস্যদের অবস্থানের চিত্র।

বর্তমানেও উজোবাজারসহ পর্যটন সড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করে রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা রুইলুই পর্যটন কেন্দ্রের পাশে অবস্থিত দাড়িপাড়া থেকে গাড়ি যোগে এসে মাচলং আর্মি ক্যাম্পের পাশে নেমে পড়ে এবং ব্রিজ পাড়া, নুও পাড়া ও শিবপাড়ায় অবস্থান নেয়। সেই পর থেকে তারা বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, লোকজনকে হুমকি দিচ্ছে এবং গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের বেপরোয়া গুলি বর্ষণে কস্মিতা ত্রিপুরা নামে আট বছরের এক শিশু আহত হয়েছে। এছাড়া গতকাল (১০ অক্টোবর) তারা মাচলং মন্দিরছড়া এলাকায় জুমচাষীদের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসী সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, “নিরাপত্তা বাহিনীর মদত ও পৃষ্ঠপোষকতায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেকে অবস্থান ও সাধারণ জনগণকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে এবং ৪৮ ঘণ্টার মধ্যেও সশস্ত্র সন্ত্রাসীদেরকে সরিয়ে নেয়ার দাবিতে” গত ৮ অক্টোবর সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশ থেকে তারা সন্ত্র গ্রুপের সন্ত্রাসীদের সরিয়ে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করেছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More