আগামীকাল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান

0

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা এই আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে আগামীকাল ২৪ অক্টোবর ২০২৬, শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা (সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “সাজেকের সামরিক-বেসামরিক প্রশাসন সেখানকার আন্দোলনরত জনগণের দাবি মেনে নিলেও তা বাস্তবায়ন করেনি। এই ব্যর্থতা ঢাকতে গতকাল সাজেকের উজোবাজারে শান্তিপূর্ণ অবরোধ পালনকারী জনগণের ওপর পরিকল্পিতভাবে হামলা ও নির্বিচারে লাঠিচার্জসহ শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তথাকথিত ‘গোলাগুলি-সংঘর্ষের’ নাটক মঞ্চস্থ করে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। হামলায় অন্তত ৭৮ জন নারী-পুরুষ, বৃদ্ধ আহত হয়েছেন। কাজেই সাজেকে রাষ্ট্রীয় বাহিনীর উৎপীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাজেকবাসীর পাশে দাঁড়ানো জরুরী।”

তিনি আগামীকাল (শনিবার) রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আহূত আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণ ও সকল যানবাহন মালিক-শ্রমিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন। একই সাথে তিনি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা সৃষ্টি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও জরুরী ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি বিবৃতিতে জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More