সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে তাণ্ডব, বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও তিন গ্রামবাসীকে মারধরের অভিযোগ

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের পরিচালিত সেনাবাহিনীর মদদপুষ্ট সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী তথাকথিত জুম্ম লিবারেশন আর্মি বা জেএলএর‘র বিরুদ্ধে এক গ্রামবাসীর বাড়িতে তাণ্ডব চালানো ও তিন গ্রামবাসীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

গত ৩১ অক্টোবর (শনিবার) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাইবোনছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগ অনুযায়ী, সন্তু গ্রুপের সশস্ত্র  সদস্যরা বিমল চাকমা (পিতা: রবি সূর্য চাকমা) নামে এক ব্যক্তির বসতঘরে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম তছনছ করে এবং কাপড়চোপড় পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা বাড়ির গৃহপালিত মুরগি জবাই ও রান্না করে খায় এবং এক ট্রে ডিম ও দুই লিটার সয়াবিন তেল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে।

একইদিন কলাবন্যে নামক এলাকায় নিজেদের মধ্যে `ফ্রেন্ডলি ফায়ার‘ বা গোলাগুলির ঘটনায় গুরুতর আহত সদস্যদের উদয়পুরের দিকে কাঁধে বহন করে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে তিন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মুখোমুখি হন। গুরুতর আহতদের বহন করতে দেখার অভিযোগে ওই তিন ব্যক্তিকে মারধর করা হয়।

ভুক্তভোগীরা হলেন- থালকুম্ভ গ্রামের বাসিন্দা রিপন চাকমা (পিতা: দয়াল চাকমা), সাধন বিকাশ চাকমা (পিতা: গুলসেন চাকমা) এবং চিত্তিগুলো চাকমা (পিতা: তাঙুম চাকমা)।

তাঁদের তিনজনকে বেধড়ক মারধর করার পর আহত ব্যক্তিদের বহন করে নিয়ে যাওয়ার ঘটনাটি প্রকাশ না করার জন্য কঠোর ভাষায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একজন মুরুব্বি ক্ষোভ প্রকাশ করে সিএইচট নিউজকে বলেন, “জেএসএসের সশস্ত্র সদস্যরা এলাকায় প্রকাশ্যে অবাধে তাণ্ডব চালাচ্ছে। সেনাবাহিনী সবকিছু দেখেও না দেখার ভাণ করছে। সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎ ও কথাবার্তা হতে আমরা দেখতে পাই।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “সাজেকে সেনাবাহিনী জেএসএস সন্তু গ্রুপকে ব্যবহার করে পরিকল্পিতভাবে জনগণের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। প্রকৃত সন্ত্রাসীদের মদদ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।”

ওই গ্রামবাসী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের মদদ দেওয়া বন্ধ করে তাদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More