সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার নিন্দা ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধকারীদের উপর বর্বর হামলা, বেপরোয়া লাঠিচার্জ, গুলি বর্ষণ ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার বাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এক বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, “সাজেকবাসীর ন্যায্য দাবি এলাকা থেকে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে না নিয়ে, তাদের অত্যাচার ও সশস্ত্র সন্ত্রাস বন্ধ না করে, উল্টো নিরীহ সাজেকবাসীর উপর বিনা উস্কানিতে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এই হামলা সন্ত্রাসীদের রক্ষার জন্যই করা হয়েছে।”

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন আজ থেকে তৃতীয় দফায় সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য এই শান্তিপূর্ণ অবরোধের ডাক দেয়।

সন্তু গ্রুপের সন্ত্রাস ও অত্যাচার সম্পর্কে তিনি বলেন, “গত ৩১ আগস্ট রুইলুই পর্যটন কেন্দ্রের পাশে দাড়ি আদাম থেকে জেএসএসের সশস্ত্র দলটি গাড়ি যোগে মাচালং সেনা ক্যাম্পের পাশে আসার পর থেকে সাজেকের জনগণ তাদের সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাদের অত্যাচারে অনেক পরিবার ঘরছাড়া হয়েছে, তাদের বেপরোয়া গুলিবর্ষণে কম্মিতা ত্রিপুরা নামে এক শিশু আহত হয়েছে, জনগণের চলাফেরার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, শত শত গ্রামবাসীর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, জুম খেত, ধান ভাঙার মেশিন ও যন্ত্রচালিত বোটসহ বিভিন্ন খাত থেকে বেপরোয়াভাবে চাঁদা আদায় করছে।”

সন্তু গ্রুপের এত ব্যাপক সন্ত্রাস সত্বেও প্রশাসনের নির্লিপ্ততা এবং সাজেকবাসীর জানমালের নিরাপত্তা দিতে স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করে উষাতন চাকমা বলেন, সেনাবাহিনীর অসংখ্য ক্যাম্প ও থানা পুলিশ থাকা সত্বেও একটি সশস্ত্র দল কীভাবে ক্যাম্পের পাশে অবস্থান নিয়ে থাকতে পারে এবং সশস্ত্র সন্ত্রাস চালিয়ে জনজীবন বিপর্যস্ত করতে পারে তা জনগণের একটি বড় প্রশ্ন।

এই ধরনের দমনপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন করে সাজেকবাসীর ন্যায্য আন্দোলন ও কণ্ঠ রোধ করা কখনোই সম্ভব নয় মন্তব্য বলে উষাতন চাকমা মন্তব্য করেন এবং অবিলম্বে সাধারণ জনগণের উপর হামলা বন্ধ করা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে নিয়ে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেক এলাকা থেকে অপসারণ করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More