সাজেকে সড়ক অবরোধ পালনকারী জনতার ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগ!

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকা ৩য় দফার অবরোধ পালনকালে সেনাবাহিনী হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টার সময় সাজেকের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ৬টা থেকে দুই সংগঠনের ডাকে সাজেকের জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন শুরু করেন। পরে তারা উজোবাজারে জড়ো হয়ে সড়কে বসে সড়কটি বন্ধ করে দেন। এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এমতাবস্থায় সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সাজেক ভ্যালি পর্যটনে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু অবরোধকারী জনতা রাস্তা ছেড়ে না দিলে পরে সেনাবাহিনী জনতার ওপর হামলা চালায়। এ সময় তারা লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সেনারা লোকজন যেদিকে সরে গেছে সেদিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করারও অভিযোগ উঠেছে।

হামলার পর সেনারা পর্যটকদের বহনকারী গাড়িগুলো খাগড়াছড়ির দিকে নিয়ে যায় বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর অবরোধ পালনকালে বিকালে স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন দুই সংগঠন ও সাজেকবাসীর উত্থাপিত তিন দফা দাবি বা শর্ত মেনে নিলে ৪৮ ঘন্টার জন্য সড়ক অবরোধ স্থগিত করা হয়। এরপর শর্ত পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর আবার তারা অবরোধ পালন করে। পরে শারদীয় দুর্গোৎসবের কারণে ১৬ -২১ অক্টেবর অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

তাদের তিন দফা দাবি বা শর্ত ছিল- ১. ৪৮ ঘন্টা সময়ের মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে, ২. জেএসএসের সদস্যরা কাউকে মৃত্যুর হুমকি দেবে না ও ৩. সেনা প্রশাসন কর্তৃক সাধারণ নিরীহ জনগণের ঘর-বাড়ি তল্লাশি ও হয়রানি করা যাবে না।

কিন্তু প্রশাসন দাবি বা শর্ত পূরণ না করায় গতকাল (বুধবার) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক যৌথ বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More