সাজেকে সন্তু গ্রুপের হামলার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ ও সশস্ত্র গ্রুপটিকে সরিয়ে নেওয়ার দাবি

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রাঙামাটি জেলার সাজেকের গঙ্গারাম এলাকায় জেএসএস সন্তু গ্রুপের হামলার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন অবিলম্বে তাদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
আজ সঙ্গলবার ( ২৭ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি, জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যরা সাজেকের গঙ্গারাম এলাকায় হামলার পরিকল্পনা করছে। আমরা এ পরিকল্পনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
সাজেককের জনগণকে সশস্ত্র সন্ত্রাস ও নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সরিয়ে নেওয়ার কোন বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
তাঁরা বলেন, ‘আমরা প্রায় দুই মাস ধরে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন বরাবরই আমাদের দাবি উপেক্ষা করে চলেছে। গঙ্গারাম এলাকায় যদি জেএসএস সন্তু গ্রুপের কোন হামলার ঘটনা ঘটে তাহলে এর দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে।’
বিবৃতিতে নেতৃদ্বয় আর কালক্ষেপণ না করে অবিলম্বে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
