খাগড়াছড়ি বাজারে সবজি বিক্রেতা এক মারমা নারীর ওপর হামলার অভিযোগ

খাগড়াছড়ি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খাগড়াছড়ি জেলা সদর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনৈক সেটলার বাঙালি কর্তৃক সবজি বিক্রেতা এক মারমা নারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে এ ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলার শিকার নারীর নাম ক্রাইউ মগিনী (৩৯), স্বামী- মংক্য মগ, গ্রাম: হেডম্যান পাড়া, ৫নং ওয়ার্ড, ৩নং গোলাবাড়ী ইউনিয়ন, খাগড়াছড়ি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক বাঙালিকে নারীর ওপর হাত দিয়ে আঘাত করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজ সকালে অন্যান্য দিনের মতো বাজারে সবজি বিক্রি করছিলেন ভুক্তভোগী নারী। এ সময় তুচ্ছ বিষয়কে নিয়ে তার সাথে এক সেটলার বাঙালি বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এমতাবস্থায় এক পর্যায়ে ওই সেটলার বাঙালি মারমা নারীর ওপর হামলা করে। এতে ওই নারী রক্তাক্ত হন, তার নাক দিয়ে রক্ত বের হয়।
পরে আশপাশে থাকা লোকজন ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর বাজারে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় পাহাড়িদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বাজারে পাহাড়ি নারী বিক্রেতারা দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি, আর্থিক চাপ, শারীরিক নির্যাতন এবং অশোভন আচরণের শিকার হচ্ছেন। তারা বলছেন, বাজার হওয়া উচিত নিরাপদ জায়গা, যেখানে সবাই সমানভাবে ব্যবসা করবে। কিন্তু আজকের ঘটনায় নারী বিক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত, হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাজারে নারী বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবরে জানা গেছে, উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ হামলার সাথে জড়িত ওমর ফারুক (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়ার ডেমশা ইউনিয়নের সতিপাড়ার মো. এজাহার মিয়ার ছেলে। বতর্মানে তিনি খাগড়াছড়ি বাজারে (চাউল বাজার সংলগ্ন শোয়াইব এর ভাড়া বাসা) অবস্থান করেন বলে পুলিশ জানিয়েছে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
