খাগড়াছড়িতে ইউপিডিএফের ইয়াবা ধ্বংসের খবরে প্রশাসনে তোলপাড়!

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গত ১১ এপ্রিল সিএইচটি নিউজে “খাগড়াছড়িতে জব্দকৃত ১ হাজার পিস ইয়াবা ধ্বংস করলো ইউপিডিএফ” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। উক্ত খবরের জের ধরে প্রশাসনের মধ্যে তোলপাড় চলছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, উক্ত খবরটি প্রকাশ হওয়ার পর পরই থানার ওসি এবং খাগড়াছড়ি ব্রিগেড ও জোনের কর্মকর্তাগণ এলাকার জনপ্রতিনিধিদেরকে ফোন করে বিষয়টি সত্য কিনা জেনে নেওয়ার চেষ্টা করছেন। ‘এটা বানোয়াট হতে পারে’ এমন কথাও নাকি তারা বলছেন। এমনকি জনপ্রতিনিধিদেরকে “ইউপিডিএফের সহায়তাকারী’ হিসেবে তকমা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

“আমরা জনপ্রতিনিধি হিসেবে যে দল ডাকে সে দলের কাছে যেতে হয়। তাতে আমাদেরকে দোষ কোথায়?”– এ কথাটি প্রশাসনের কর্মকর্তাদেরকে বলেছেন বলে জানান এক জনপ্রতিনিধি।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের প্রশ্নের জবাবে আমরা বলে দিয়েছি যে, “ইয়াবা ধ্বংসের ঘটনাটি সত্য। ইউপিডিএফ এলাকার জনপ্রতিনিধি ও মুরুব্বীদেরকে ডেকে তাদের সম্মুখে ইয়াবাগুলো ধ্বংস করেছে।”  

এলাকার জনৈক মুরুব্বী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গত বছর মাদকের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছি। কিন্তু মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এখন ইউপিডিএফ যদি মাদক বিরোধী অভিযান চালায় তাতে সমস্যা কোথায়?”

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অপর এক মুরুব্বী বিস্ময় প্রকাশ করে বলেন, “খাগড়াছড়ি সদর এলাকায় মাদকের ছড়াছড়ি হলেও সামরিক-বেসামরিক প্রশাসন দেখেও না দেখার ভাণ করে থাকে। আর অন্য কেউ মাদকের বিরুদ্ধে কাজ করলেও সন্দেহের চোখে দেখা হয়। তাহলে প্রশাসনের সাথে কি মাদক কারবারে যুক্তদের কোন যোগসাজশ রয়েছে?”

সুশীল সমাজের এক প্রতিনিধি বলেন, “ইয়াবাসহ মাদক কারবারের ফলে সমাজে উঠতি বয়সী ছাত্র-যুব সমাজ ধ্বংস হচ্ছে। সমাজে নানা অবক্ষয়-বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয় না। আমার তো মনে হয় ছাত্র-যুব সমাজ ইয়াবা, মদ, গাঁজা খেয়ে ধ্বংস হলেই বোধহয় প্রশাসনের লোকজন খুশি হয়। না হলে ইউপিডিএফ বা অন্য কোন সংগঠন কিংবা সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের গা জ্বলবে কেন?”

এদিকে এলাকার সচেতন মহল বলছেন, যে কেউ ইয়াবা কিংবা মাদক ধ্বংস করলে বা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে প্রশাসন খুশি হওয়ার কথা। কিন্তু তারা কেন এ বিষয়টিকে খারাপ দৃষ্টিতে দেখছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটা কি প্রশাসনের দুর্বলতা ঢাকার প্রচেষ্টা নাকি এসব মাদক কারবারের সাথে প্রশাসনের যোগসাজশ রয়েছে তা নিয়েও স্থানীয় অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More