তনু হত্যাকারীদের মতো কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারীদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে : হিল উইমেন্স ফেডারেশন

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের মতো পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলায় ১০ বছর পর গতকাল (২২ এপ্রিল) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এ গ্রেফতারের মাধ্যমে তনু হত্যা ঘটনাটির কিছুটা হলেও বিচারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি।

কিন্তু দীর্ঘ ৩০ বছরেও পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়নি। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে তদন্ত ও মামলার শুনানীর নামে কালক্ষেপন করে গত ২০২৪ সালের ২৩ এপ্রিল রাঙামাটি জেলা আদালতের মাধ্যমে মামলাটিও খারিজ করে দেওয়া হয়েছে। যার ফলে এ ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে।

নেতৃদ্বয় আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামসহ দেশে এক বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল। ফলে দেশে নারী ধর্ষণ, নিপীড়ন, গুম-খুন-হত্যা, অপহরণের সাথে জড়িতরা ধরাছোঁয়ার বাইরে থেকেছিল কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও আইনের নানা জটিলতার কারণে অপরাধীরা পার পেয়ে যায়। তার মধ্যে কুমিল্লায় তনু হত্যার ঘটনা ও পাহাড়ে কল্পনা চাকমা অপহরণ ঘটনা অন্যতম উদাহরণ।

তনু হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তার গ্রেফতারকে স্বাগত জানিয়ে নেতৃদ্বয় বলেন, শুধু একজনকে গ্রেফতার করলে হবে না, ন্যায়বিচারের স্বার্থে ঘটনায় জড়িত অন্যান্য সকল অপরাধীকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় কল্পনা চাকমা’র অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আর কোন কালক্ষেপণ না করে নিম্ন আদালতের রায় বাতিলপূর্বক পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More