নাইক্ষ্যংছড়ির জালিয়া পাড়ায় ৩৫ মারমা পরিবারকে উচ্ছেদের অভিযোগ, ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়া পাড়ায় রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও কর্তৃক ৩৫ মারমা পরিবারকে উচ্ছেদের অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ অভিযোগ করেন এবং ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গত ২৫ অক্টোবর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া নামক মারমা অধ্যুষিত গ্রামে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও (RSO) কর্তৃক ৩৫টি মারমা পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উচ্ছেদের পর গ্রামবাসীদের গরু-ছাগলসহ বিভিন্ন সম্পদ লুটপাট ও পুরো গ্রামটি বেদখল করে নেওয়া হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতার কারণে গ্রামটির কিছু বাসিন্দা সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, কিছু পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নাইক্ষ্যংছড়ি সদরের মারমা গ্রামে আশ্রয় নিয়েছেন।’
বাংলাদেশ সরকার রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে পাহাড়িদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ করে বিবৃতিতে অংগ্য মারমা বলেন, ‘এর ফলে বর্তমানে নাইক্ষ্যংছড়ি এলাকায় পাহাড়িরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।’
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে আরএসও কর্তৃক বেদখলকৃত গ্রামটি দখলমুক্ত করে উচ্ছেদের শিকার ৩৫ মারমা পরিবারকে ফিরিয়ে এনে জানমালের নিরাপত্তাসহ পুনর্বাসন এবং বিদেশী রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
