সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৬টা থেকে ‘সাজেক সড়কে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র ডাকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে শনিবার সাজেক থেকে জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। 

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল থেকে সাজেক পর্যটন সড়কে উজোবাজার ও রেতকাবা দ্বপদা (লাদুমনি বাজার) এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, “সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আমাদের অনির্দিষ্টকালের অবরোধ চলছে। যান চলাচলের বন্ধ রয়েছে।

“তবে রোগী বহনকারী গাড়ি, সংবাদকর্মীদের গাড়ি, ওষুধ ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো অবরোধের আওতামুক্ত থাকবে।”

এদিকে, অবরোধ চলাকালে দুপুর ১২টা ৩০ মিনিটে রেতকাবা দ্বপদা থেকে অবরোধকারী জনতা মিছিল সহকারে উজোবাজারে যাওয়ার সময় গঙ্গারাম সেনা ক্যাম্পের চেকপোষ্টে পুলিশ ও সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে আটকায়। পরে সেনাবাহিনীর সাথে কথা বলার পর তাদেরকে যেতে দেয়।

বেলা ১:৪৫টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে জানা গেছে। 

অভিযোগ রয়েছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা রুইলুই পর্যটন কেন্দ্রের পাশে অবস্থিত দাড়িপাড়া থেকে গাড়ি যোগে এসে মাচলং আর্মি ক্যাম্পের পাশে নেমে পড়ে এবং ব্রিজ পাড়া, নুও পাড়া ও শিবপাড়ায় অবস্থান নেয়। সেই পর থেকে তারা বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, লোকজনকে হুমকি দিচ্ছে এবং গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের বেপরোয়া গুলি বর্ষণে কস্মিতা ত্রিপুরা নামে আট বছরের এক শিশু আহত হয়েছে। এছাড়া গতকাল (১০ অক্টোবর) তারা মাচলং মন্দিরছড়া এলাকায় জুমচাষীদের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসী সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, “নিরাপত্তা বাহিনীর মদত ও পৃষ্ঠপোষকতায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেকে অবস্থান ও সাধারণ জনগণকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে এবং ৪৮ ঘণ্টার মধ্যেও সশস্ত্র সন্ত্রাসীদেরকে সরিয়ে নেয়ার দাবিতে” গত ৮ অক্টোবর সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশ থেকে তারা সন্ত্র গ্রুপের সন্ত্রাসীদের সরিয়ে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করেছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More