স্কুলছাত্র রূপনের আত্মবলিদান ও সমর-সুকেশ-মনতোষ গুমের শিকার হওয়ার ৩০তম বার্ষিকীতে রাঙামাটিতে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ জুন ২০২৬
সেনা কমান্ডার লে. ফেরদৌস গং কর্তৃক অপহৃত কল্পনা চাকমাকে উদ্ধারের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে বাঘাইছড়িতে স্কুলছাত্র রূপন চাকমার আত্মবলিদান ও সমর-সুকেশ-মনতোষ-এর গুমের শিকার হওয়ার ৩০তম বার্ষিকীতে রাঙামাটির কুদুকছড়িতে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৭ জুন ২০২৬) যৌন নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চ ও অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র (এসিসি)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীরা দুটি টিমে বিভক্ত হয়ে একটি টিম পোস্টারিং করে ও আরেকটি টিম গ্রাফিতি অঙ্কন করে।

প্রথম টিমটি নান্যাচর উপজেলার ঘিলাছড়ি, জুরাছড়ি, নাঙ্গেলপাড়া, পশ্চিম পাড়া এবং রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজার, হাফ বাজার, মাউরুম কলেজ এলাকা, ধর্মঘর, আবাসিক এলাকায় ডিজিটাল প্রিন্টকৃত পোস্টার টাঙিয়ে দেয়।




দ্বিতীয় টিমের শিক্ষার্থীরা কুদুকছড়ি বাজার ও বড় মাহুরম স্কুল এলাকায় গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতিতে তারা স্কুলছাত্র রূপন চাকমাকে গুলি করার দৃশ্য চিত্র ফুটিয়ে তোলেন।

গ্রাফিতি ও পোস্টারিং শুরু করার আগে যৌন নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চ-এর আহ্বায়ক একি চাকমা শহীদ রূপন চাকমার সাহসীকতা ও তার বীরত্বপূর্ণ আত্মবলিদানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে সেনা কমান্ডার লে. ফেরদৌস গং কর্তৃক অপহরণের শিকার হন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে উদ্ধারের দাবিতে সে বছর ২৭ জুন বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনকালে সামরিক বাহিনীর মদদে পুলিশ, আনসার-ভিডিপি ও সেটলার বাঙালিরা অবরোধকারীসহ পাহাড়িদের ওপর হামলা চালায়। এতে হামলা প্রতিরোধ করতে গেলে আনসার-ভিডিপির সদস্যরা পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালায়। এতে ১০ম শ্রেণির ছাত্র রূপন চাকমা শহীদ হন। তবে তার লাশটি পুলিশ কেড়ে নিয়ে গুম করে ফেলে। অন্যদিকে একই দিন সেটলারদের হামলার শিকার হয়ে নিখোঁজ ও গুমের শিকার হন সমর বিজয়, সুকেশ ও মনতোষ চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
