পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক দিনমজুরকে মারধরের অভিযোগ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রামতনু পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক দিনমজুরকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৭ জুন ২০২৬) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ভুক্তভোগীর নাম রতন ত্রিপুরা (৩৫), পিতা: মৃত নবীন কুমার ত্রিপুরা, গ্রাম: রামতনু পাড়া।
স্থানীয়রা জানান, গতকাল বেলা আড়াইটার সময় ভুক্তভোগী রতন ত্রিপুরা একবেলা কাজ শেষে ভাত খাওয়ার পর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় সন্তু গ্রুপের কয়েকজন অস্ত্রধারী এসে তাকে পাশের বাড়িতে ডেকে নিয়ে বেদম মারধর করে।
কী কারণে তাকে মারধর করা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জনগণের জন্য কাজ করার কথা বলে একজন সাধারণ মানুষকে মারধর করা চরম অন্যায়। সাধারণ মানুষের ওপর এমন অন্যায় অচিরেই বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবৎ জেএসএস সন্তু গ্রুপের ৫০-৫৫ জনের একটি সশস্ত্র দল ওই এলাকায় অবস্থান করছে। তারা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকার একাধিক ব্যক্তি সন্দেহ প্রকাশ করে বলেছেন, “আমরা সবসময় দেখি যে, সেনাবাহিনী ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ খোঁজার নামে অভিযান পরিচালনা করে। কিন্তু জেএসএসের সশস্ত্র লোকজন প্রকাশ্যে অবস্থান ও সশস্ত্র মহড়া দিলেও তাদের বিরুদ্ধে কোন অভিযান পরিচালনা করে না। এতে সেনাবাহিনীর সাথে তাদের বোঝাপড়া রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।’
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
