Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
কল্পনা চাকমা অপহরণ বিষয়ে এসপি-কে দিয়ে পুনঃ তদন্তের আদেশ দিয়েছে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত। আজ ১৬ জানুয়ারি দুপুর পৌনে ১ টায় রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এ আদেশ দেন।
এ আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কণিকা দেওয়ান বলেন, এ আদেশ কিছুতেই গ্রহণযোগ্য নয়। আমরা এ আদেশ প্রত্যাখ্যান করছি। আমরা চাই অবিলম্বে চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদসহ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক।
উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে সেনা কমান্ডার লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা অপহৃত হন। অপহরণের পর পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি রিপোর্ট দাখিল করলেও তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
এরপর ২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার ততকালীন এস আই ফারুক আহম্মদ অপহরণকারীদের সনাক্ত না করে তদন্ত রিপোর্ট দাখিল করেন। মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা এ রিপোর্টের বিরুদ্ধে নারাজী আবেদন জানালে আদালত সিআইডি দ্বারা তদন্তের নির্দেশ দেন।
সর্বশেষ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ কল্পনা চাকমার কোন খোঁজ পাওয়া যায়নি, ভবিষ্যতেও খুঁজে পাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বলে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেন। এ রিপোর্টের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে ১ম দফা শুনানী অনুষ্ঠিত হয়। আজ ১৬ জানুয়ারি আদালত এসপি-কে দিয়ে পুনঃ তদন্তের এ আদেশ দেন।#
