কাউখালীর লেভাপাড়া এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দুই নারীকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬

জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেভাপাড়া গ্রামের দুই নারীকে আটকে রেখে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসীরা যাদের আটকে রেখেছে তারা হলেন- ১. রুপনা চাকমা (৩৬), স্বামী: ধর্ম মোহন চাকমা ও ২. কবিতা চাকমা (২৪), স্বামী: তুংঙো চাকমা। তারা উভয়ে লেভাপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উক্ত দুই নারী লেভাপাড়ার পুরাতন আর্মি ক্যাম্পের ভিটা হতে লাকড়ি আনতে যায়। সেখানে পূর্ব হতে জেএসএস’র একদল সন্ত্রাসী রাতে এসে অবস্থান করছিল।

তারা সেখানে পৌঁছামাত্র সন্ত্রাসীরা তাদের আটক করে। এরপর সন্ত্রাসীরা তাদেরকে আটকে রেখে প্রতি জন হতে তিন লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের টাকা নিয়ে নারীদেরকে ছাড়িয়ে আনার জন্য অভিভাবক ও মুরুব্বীদেরকে ফোন করেছে।

চেলাছড়া গ্রাম থেকে ২ মাস আগে জেএসএস সন্তু গ্রুপে  যোদদানকারী এলাকার দাগি মস্তান জয়ন্ত চাকমা, পিতা: বাঘ গুদেয়ে চাকমা মুরুব্বিদেরকে ফোনে বিষয়টি জানান বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রাতে জেএসএস সন্তুগ্রুপের ৪০-৫০জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নোয়াআদাম গ্রামে প্রবেশ করে।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত সন্ত্রাসীরা ২/৩ গ্রুপে বিভক্ত হয়ে নোআদাম ও লেভাপাড়া এলাকায় অবস্থান করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আরও উল্লেখ্য যে, জেএসএস সন্ত্রাসীদের উক্ত এলাকায় আনার কাজকে নির্বিঘ্ন করতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে হারাঙ্গী উচ্চ বিদ্যালয় ও পানছড়ি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর দুটি দল একযোগে দুই রাত অবস্থান করে। গতকাল (২৭ জুন) সেনাবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর পরই রাতে জেএসএস সন্তু সন্ত্রাসীরা সেখানে আসে।

সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসনের তরফ থেকে কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More