খাগড়াছড়িতে উৎসবের দিন সেনাবাহিনীর তৎপরতা, লোকজনকে নানা জিজ্ঞাসাবাদের অভিযোগ!

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিষু…) উৎসবের শুরুর দিন আজ (১২ এপ্রিল ২০২৬), খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে লোকজনকে নানা জিজ্ঞাসাবাদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পল্টনজয় পাড়াসহ কয়েকটি স্থানে সেনাবাহিনীর সদস্যরা তৎপরতা চালায়। এ সময় তারা এলাকার লোকজনের কাছ থেকে “ইউপিডিএফ কোথায় ‘বৈসাবি’ উদযাপন করছে” সহ নানা জিজ্ঞাসাবাদ করে।
অনেকে অভিযোগ করেছেন, জিজ্ঞাসাবাদের সময় সেনারা তাদেরকে ভয়ও দেখিয়েছে।
এদিকে, বিকাল ৪:৩৯টায় সেনাবাহিনীর একদল সদস্য একটি গাড়িতে করে খাগড়াছড়ি সদরের উপালি পাড়ায় গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক-সাংস্কৃতিক উৎসবের দিন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে স্থানীয় জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
