মানিকছড়িতে বৈ-সা-বি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যাবাহী মহান উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-সাংলান-সাংগ্রাইং-সাংক্রাই-বিঝু-বিষু-বিহু…) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় “বৈসাবি উৎসব ২০২৬ উদযাপন কমিটি, অগ্ৰণী শিশু-কিশোর কেন্দ্র ও মানিকছড়ি এলাকাবাসীর যৌথ আয়োজনে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্ৰি কলেজ প্রাঙ্গন থেকে কয়েকশ’ শিক্ষার্থী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টাউন হল ও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে আবারো কলেজ প্রাঙ্গনে এসে মিলিত হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী অংসালা মারমা।
তিনি বৈ-সা-বি বিষয়ে তুলে ধরে বলেন, আশির দশকে সেনাশাসনের মাধ্যমে যখন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী পাহাড়ি জাতিসত্তাসমূহের উপর শাসকগোষ্ঠীর নিপীড়ন-নির্যাতন, দমন-পীড়ন জোরদার হয়, সেই সময় জাতিসত্তাগুলোকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে সচেতন ছাত্র-যুব সমাজ বৈ-সা-বি শব্দটি প্রচলন করে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তাগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পাহাড়ে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সংগঠন গড়ে ওঠে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর দমন-পীড়ন এখনো থামেনি। তাই বর্তমান পরিস্থিতিতেও বৈ-সা-বি উৎসবের চেতনায় পাহাড়িদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এরপর র‌্যালি অনুষ্ঠান সমাপ্ত হয়।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More