খাগড়াছড়িতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক মোটর সাইকেল চালক বিপিন ত্রিপুরাকে অপহরণের অভিযোগ

0
অপহৃত বিপিন ত্রিপুরা।

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমাবর, ৫ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দেওয়ান পড়া এলাকা থেকে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীরা বিপিন ত্রিপুরা (২৩) নামে এক মোটর সাইকেল চালককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) এ অপহরণের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অপহৃত বিপিন ত্রিপুরা ৪নং লতিবান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চিংসা পাড়ার পদ্ম ভূষণ ত্রিপুরার ছেলে। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানা যায়, খাগড়াছড়ি সদর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রাম চিংসা পাড়ায় ফিরছিলেন বিপিন ত্রিপুরা। পথিমধ্যে ভাইবোনছড়ার দেওয়ান পাড়া এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তার মোটর সাইকেল গতিরোধ করে জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় তার পরিবারের লোকজন উদ্বেগের মধ্যে রয়েছেন।

পরিবারের লোকজনের দাবি, বিপিন ত্রিপুরা একজন সাধারণ পেশাদার মোটরসাইকেল চালক। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।

​দেওয়ান পাড়া সেনা ক্যাম্পের কাছেই দিনে-দুপুরে এমন অপহরণের ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পরিবারের লোকজন অবিলম্বে অপহৃত বিপিন ত্রিপুরাকে সুস্থভাবে উদ্ধার ও অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More