গুইমারায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের শিকার মংশিনু মারমা

0
সংগৃহিত ছবি

গুইমারা(খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনয়নের তৈকর্মা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে মংশিনু মারমা (২৫) নামের এক পাহাড়ি যুবককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ৩-৪ জন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্ত।

গতকাল বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত মংশিনু মারমা সিন্দুকছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুখপাড়া এলাকার সুইহ্লা প্রু মারমার ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, বুধবার রাতে মংশিনু মারমা গুইমারা বাজার থেকে মোটর সাইকেলে করে নিজ বাড়ি সিন্দুকছড়ি মুখপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তৈকর্মা এলাকায় পৌঁছলে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয়রা মংশিনু মারমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রশাসনকে ঘটনাটি জানান।

এরপরে তাকে চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১১টার দিকে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এ ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

এ বিষয়ে গুইমারা থানার পুলিশ জানায়, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More