ঘাগড়ায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে সিএনজি চালকদের হামলায় অন্তত ১৫ জন আহত

0


অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজারে গতকাল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুরে “বিঝু’র নিমন্ত্রণে যাওয়ার সময় ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে সেনাবাহিনীর সামনে সেটলার সিএনজি চালক ও দোকানদারদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে এ ঘটনার কথা জানা যায়। 

শাহারিক ইস্তিক রাজ নামে একজন ঘটনার বিস্তারিত জানিয়ে গত রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি সেনাবাহিনীর সামনে ঘটনাটি ঘটলেও তারা কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন। তার ফেসবুক পোস্টটি হুবহু নীচে দেওয়া হলো:

“আজ দুপুরে বিজু উপলক্ষে আমি ও ঘাগড়া এলাকার আদিবাসি বন্ধুদের নিমন্ত্রণে বিভিন্ন বাড়িতে যাচ্ছিলাম। ঘাগড়া বাজার থেকে আমরা সাতজন চাম্পাতলির উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠি। ভাড়া প্রতিজন ১০ টাকা হলেও উৎসবের দিন বিবেচনায় আমরা ১০০ টাকা দিতে চেয়েছিলাম।

কিন্তু সিএনজিতে ওঠার পর চালক হঠাৎ ২০০ টাকা দাবি করে। এ নিয়ে তর্ক শুরু হয়। আমরা স্পষ্টভাবে জানাই, এই শর্তে আমরা যাবো না। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও ড্রাইভার উল্টো আগ্রাসী হয়ে ওঠে।

আমরা সিএনজি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু নামার সময়ই ড্রাইভার আমাদের উপর শারীরিকভাবে আক্রমণ শুরু করে। খুব দ্রুতই অন্যান্য সিএনজি ড্রাইভাররা জড়ো হয়ে যায় এবং আমাদের আদিবাসী বন্ধুদের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায়।

ঘটনা ছড়িয়ে পড়লে আশেপাশের বাঙালি স্যাটেলারদের একটি অংশ—এমনকি কিছু দোকানদারও—বাঁশ ও ইট নিয়ে আমাদের উপর আক্রমণে যোগ দেয়। অনেকেই গুরুতরভাবে আহত হয়।

আমি, Adnan Sakib , Zarrin Tasnim Saika , Ibna Zihad Fihamপূর্ণময় খীসা , অনিন্দসহ অন্তত পনেরো জন মারাত্মকভাবে আহত হয়েছি।

হামলাকারীদের কয়েকজন। ছবিগুলো ভিডিও থেকে নেওয়া।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়—এই পুরো ঘটনার সময় সেনাবাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা সবকিছু দেখেছে। আমরা রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইতে গেলে, তাদের একজন সদস্য আমাদের বলে—“এটা আমাদের দায়িত্ব না।”

একদল মানুষ যখন প্রকাশ্যে আরেকদল মানুষের উপর হামলা চালায়, তারা তাদের দায়িত্বকে বরাবরের মতো অবহেলা করেছে।

পাহাড়ে বাঙালি স্যাটেলারদের আদিবাসীদের উপরে যে বিদ্বেষ তা নতুন কিছু নয়। কিন্তু আজকের ঘটনা শুধু একটি মারামারি না—এটা ক্ষমতার অসমতা এবং দায়হীনতার নগ্ন প্রকাশ।”



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More