ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আহ্বানে ১৩ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনভেনশন

0


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তাসমূহের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন, অধিকার হরণ ও বাস্তুভিটা থেকে উচ্ছেদের প্রেক্ষাপটে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আহ্বানে আগামীকাল ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কনভেনশন। 

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলরুমে দিনব্যাপী এ কনভেনশনের আয়োজন করা হয়েছে।

কনভেনশন সফলভাবে সম্পন্ন করতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমাকে আহ্বায়ক ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উষাতন চাকমা আজ (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কনভেনশনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত থাকবেন এবং দেশের প্রগতিশীল জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন।

তিনি উক্ত কনভেনশন সফল করতে এবং সার্বিক নিরাপত্তার জন্য চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এমনিতে ১৩ অক্টোবর দিনটি পার্বত্য চট্টগ্রামে একটি স্মরণীয় দিন। ’৯২ সালের এদিন খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্র-গণ সমাবেশে অংশগ্রহণ করতে এসে সেনা-সেটলারদের পরিকল্পিত হামলায় আত্মবলিদান দিয়েছিলেন ৭০ বছরের বৃদ্ধ ভরদ্বাজ মুনি চাকমা। তিনিই পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে প্রথম শহীদ হওয়া ব্যক্তি। তার স্মরণে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে থাকে। 

বিশেষ কনভেনশন উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। পোস্টারের মূল শ্লোগান হলো- “সবার আগে জাতীয় অস্তিত্ব, এক হও, লড়াই করো”।

ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম মহানগরসহ ফটিকছড়ি, নাজিরহাট, নানুপুর, হাটহাজারী ও রাউজান এলাকায় পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে।

কনভেনশনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা নিজেরাই বিভিন্ন স্থানে পোস্টারিং করছেন বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা রামেসু বাজার এলাকায় আয়োজিত তিন শহীদের স্মরণসভা থেকে উক্ত কনভেনশনের ঘোষণা দেওয়া হয়েছিল।

কনভেনশনের পোস্টার লাগাচ্ছেন শিক্ষার্থীরা। ছবিটি রাঙামাটি এলাকা থেকে তোলা।
 চট্টগ্রাম মহানগর এলাকায় সাঁটানো পোস্টার।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More