দুবাইয়ে গ্রেফতার হলেন পাহাড়ে আন্দোলনকারীদের হুমকি দেওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ

0

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬

পাহাড়ে আন্দোলনকারীদেরকে বাড়িতে বাড়িতে খুঁজে ও মাটির তলা থেকে বের করে আনার হুমকি দেওয়া পুলিশের সেই সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা একটি মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশনে প্রদত্ত এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রত্যার্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।” তিনি অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানান।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ২৬ মে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর রাঙামাটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্যদানকালে বেনজীর আহমেদ পার্বত্য চট্টগ্রামে আন্দোলনকারীদের “সন্ত্রাসী” আখ্যা দিয়ে বাড়িতে বাড়িতে খুঁজে এবং মাটির তলা থেকে বের করে আনার হুমকি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, “জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহাম্মক।  রাষ্ট্রের কাছে এ ধরনের অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক তাদেরকে “তোকায়’ নিয়ে আসবো আমরা। বাড়িতে বাড়িতে থেকে “তোকায়” নিয়ে আসবো। মাটির তলে থাকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো।… আমাদের একটাই কাজ, সেটা হলো এ সমস্ত অপশক্তির বিরুদ্ধে বিজয়ী হওয়া।”

তিনি ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর আইজিপির পদ থেকে অবসরে যান।

এর পরে ঢাকার একটি পত্রিকায় তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ করে রিপোর্ট প্রকাশ করলে তা নিয়ে সারাদেশে তোলপাড় হয়েছিল। বান্দরবানেও তার শত একর জমি থাকার তথ্য প্রকাশ পায়। এ অবস্থায় তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের ক্রোকাদেশের প্রেক্ষিতে বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা রিসোর্ট ও ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছিল গোপালগঞ্জের জেলা প্রশাসন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের প্রেক্ষিতে তার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিল ঢাকার একটি আদালত।

বেনজীর আহমেদের গ্রেফতার তার অন্যায়-অপকর্ম ও দুর্নীতি-অনিয়মের ফল বলে মন্তব্য করেছেন পাহাড়ের সচেতন মহল।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More