পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক কার্বারীসহ দুই গ্রামবাসীকে অমানুষিক নির্যাতন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে এক কার্বারী (গ্রাম প্রধান) ও আরেক সাধারণ গ্রামবাসী অমানুষিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকাালে এ নির্যাতনের ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, গতকাল বিকাল ৫টার সময় বিজলি কুমার চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ১নং লোগাং ইউনিয়নের চাম্মে আদাম গ্রামের কার্বারী হিরণ কুমার চাকমা (৪৬), পিতা: ঘনমো চাকমাকে নিজ বাড়িতে অমানুষিকভাবে নির্যাতন করে। একই সময় গ্রামের আরেক বাসিন্দা বাসিন্দা কান্দারা চাকমাকে (৪৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকেও অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করা হয়।
সন্ত্রাসীরা কান্দারা চাকমার ওপর এমনভাবে নির্যাতন চালিয়েছে তিনি ভালোভাবে উঠাবসাও করতে পারছেন না। ফলে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পেরে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। আর কার্বারী হিরণ কুমার চাকমা কোন রকমে হাসপাতাালে গিয়ে চিকিৎসা নিতে পেরেছেন বলে জানা গেছে।
সন্ত্রাসীরা বর্তমানে চাম্মে আদাম গ্রামে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।
এদিকে, সন্তু গ্রুপের সন্ত্রাসীদের এমন অমানবিক কর্মকাণ্ডে এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সাধারণ জনগণের ওপর এমন নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
