ফটিকছড়িতে মুরগির খামারে পাহাড়ি যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহিত ছবি
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি মুরগির খামারে রতন ত্রিপুরা (১৮) নামে এক পাহাড়ি যুবকের রহস্যজনক মৃত্যু হযেছে। খামার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব এলাকায় সজিব মাস্টারের মুরগির খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এলাকার বাসিন্দা রতন ত্রিপুরা দীর্ঘ আড়াই থেকে তিন বছর ধরে ওই খামারে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খামারের মালিক সজিব মাস্টার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুজিব মেম্বার। তিনি জানান, রতন ত্রিপুরা দীর্ঘদিন ধরে ওই খামারে কাজ করছিলেন। রাতে বিষয়টি সজিব মাস্টার আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই।
এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: ফটিকছড়ি খবর ফেসবুক পেইজ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
