বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ

0

রুমা(বান্দরবান), সিএইচটি নিউজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণ ও পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর গর্ভপাতসহ শারীরিক জটিলতা সৃষ্টির অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটক যুবকরা হলেন- ক্যহ্লাচিং মারমার ছেলে ক্যসিং নু মারমা, ঞোচিং অংয়ের ছেলে উহাইমং মারমা, মংচ মারমার ছেলে সিংহ্লা মারমা ও মৃত মংচল্লা মারমার ছেলে উঁশেনু মারমা। তারা রুমা উপজেলার একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, ঘটনাটির গত এপ্রিল মাসের। তবে ঘটনাটি প্রকাশ পায় গত ৮ সেপ্টেম্বর।

কিশোরীর অভিযোগ অনুযায়ী, তাঁকে প্রথমে ক্যহ্লাচিং মারমার ছেলে ক্যসিং নু মারমা তাকে ধর্ষণ করে। এরপরের দিন উহাইমং মারমা ও সিংহ্লা মারমা এবং পরবর্তীতে উঁশেনু মারমা তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছে কিশোরী। অভিযুক্তদের মধ্যে উঁশেনু মারমা এক সন্তানের বাবা বলে অভিযোগ করা হয়েছে। 

কিশোরীর ভাষ্য মতে, ঘটনার প্রায় চার মাস পর উহাইমং মারমা তাকে এক পাতা ট্যাবলেট দেন। ওই ট্যাবলেট খাওয়ার পর গর্ভপাতের কারণে তার শারীরিক জটিলতার সৃষ্টি হলে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ পায়। পরে তার মা-বাবা তাকে চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান পাঠানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে একজনকে আটক করা হয়। পরে বিকেলে আরও তিনজন রুমা থানায় উপস্থিত হলে তাদেরও আটক করা হয়। এরপর চারজনকে থানাতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আটক চারজনই কিশোরীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তবে অভিযোগের প্রকৃত ঘটনা, ঘটনার সময়কাল ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে আটককৃতদের বান্দরবান আদালতে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More